পোলার্ডের তিন সেঞ্চুরির আশা
‘হোয়াট? হোয়াট ইজ দ্যাট? আমি কিছু বুঝতে পারছি না...!’প্রথমে মনে হলো সত্যিই বুঝতে পারেননি। খানিক পর বোঝা গেল, কাইরন পোলার্ড আসলে বুঝতে চাননি। প্রসঙ্গটি যে ছিল বড় অপ্রিয়, এড়িয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায় তো বুঝতে না পারা!প্রশ্নটি অবধারিতই ছিল। একমাত্র টি-টোয়েন্টি হারল ওয়েস্ট ইন্ডিজ, অথচ দলের সবচেয়ে বড় তারকাদের একজন, বিশ্ব ক্রিকেটের টি-টোয়েন্টির ‘হটকেক’ পরাজয়টা দেখলেন মাঠের বাইরে বসে। একদিন তিনি সাউথ অস্ট্রেলিয়ার জার্সি গায়ে, তো আরেক দিন সমারসেটের জার্সিতে, কদিন পরই আবার মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি পোশাক গায়ে চাপানোর অধিকার তাঁর আপাতত নেই। নিজ দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টেই যে খেলেননি!ওয়ানডের জন্য আইসিসির এমন কোনো নিয়ম নেই। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডেও চলছে না এখন। ‘বিশ্বতারকা’ এবার তাই ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে জার্সি গায়ে চাপানোর সুযোগ পাচ্ছেন। অপ্রিয় প্রসঙ্গে চটে গিয়েই হোক কিংবা ভেতরের সত্যিকার বারুদ থেকে, ওয়ানডে সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে এক রকম হুংকারই ছুড়লেন পোলার্ড। বীরেন্দর শেবাগের ‘অর্ডিনারির’ মতো বিস্ফোরক কোনো মন্তব্য করেননি, তবে শরীরী ভাষাই ছিল বিস্ফোরক। মনে হলো, মাঠের ভেতর ব্যাট হাতে যেমন, তেমনি মাঠের বাইরেও তিনি আক্রমণাত্মক!টি-টোয়েন্টির হারটাকে পাত্তাই দিচ্ছেন না ত্রিনিদাদের অলরাউন্ডার, বরং ওই ম্যাচ থেকেই খুঁজে পেয়েছেন বাংলাদেশের বড় একটা দুর্বলতা, ‘ম্যাচের একদম শেষ দিকের ছক্কায় জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। যে কেউ জিততে পারত ম্যাচটি। টাইমিংয়ে একটু গড়বড় হলেই তো ছয় না হয়ে ওই শটটি ক্যাচও হতে পারত। আমরা বরং দেখেছি পাঁজর লক্ষ্য করে আসা বলে বাংলাদেশের ব্যাটসম্যানরা দুর্বল।’পাঁজর বরাবর ধেয়ে আসা বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের অস্বস্তি নতুন কোনো তথ্য নয়। বরাবরই এটা ছিল, পরশুর টি-টোয়েন্টি ম্যাচেই প্রথম আবিষ্কৃত হলো না। তার পরও ওয়ানডে সিরিজের আগে হঠাৎ করে মনে করিয়ে দেওয়ার কারণ হতে পারে, সিরিজের প্রথম ম্যাচে জয়ী দলটার আত্মবিশ্বাসে ধাক্কা দেওয়া।টি-টোয়েন্টির হারটা যে এমন কিছু নয়, বারবার সেটা মনে করিয়ে দিলেন। আর ওয়ানডে সিরিজের জন্য একরকম চ্যালেঞ্জই ছুড়ে দিলেন বাংলাদেশকে, ‘আশা করি, ওয়ানডে সিরিজে আমরা নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারব। বাংলাদেশ হয়তো টি-টোয়েন্টি ম্যাচটি জিতেছে, কিন্তু এটা স্রেফ একটা টি-টোয়েন্টি। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস লিগেও আমরা অনেকবার দেখেছি, টি-টোয়েন্টি যে কেউ জিততে পারে। দুই দলেরই আসল পরীক্ষা হবে ওয়ানডে সিরিজে। আশা করি, রোমাঞ্চকর একটা সিরিজ হবে এবং সেরা দলটাই শেষ হাসি হাসবে।’মানসিকভাবে বাংলাদেশকে ঘায়েল করতে চাইলেন, মোক্ষম হাতিয়ার হতে পারত বিশ্বকাপের ‘৫৮’ স্মৃতি মনে করিয়ে দেওয়া। তবে এই প্রসঙ্গে আবার পোলার্ডের ভাবনা অন্য রকম, ‘মানসিকভাবে হয়তো কিছুটা এগিয়ে থাকব। তবে ওটা ছিল বিশ্বকাপ, বিশ্বকাপের প্রচণ্ড চাপে অনেক কিছুই হতে পারে।’যেভাবে শুরু হয়েছিল, শেষও হলো তেমন অপ্রিয় প্রসঙ্গ দিয়ে। বিগ ব্যাশ, আইপিএল, চ্যাম্পিয়নস লিগ মাতালেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে মনে রাখার মতো পারফরম্যান্স তো এখনো নেই! শুনে পোলার্ড অবাক, ‘তাই নাকি, সিরিয়াসলি? আমি খুবই আত্মবিশ্বাসী...ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে খুব একটা খারাপ করিনি। যে টুর্নামেন্টে খেলে (চ্যাম্পিয়নস লিগ) এলাম, সেখানে রান খুব বেশি পাইনি, কিন্তু এটা নতুন একটা সিরিজ। কে জানে, তিনটি সেঞ্চুরিও করে ফেলতে পারি!’ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০টি টি-টোয়েন্টিতে গড় ১২.৬৬, সর্বোচ্চ ৩৮। ৪৩ ওয়ানডেতে ৪ ফিফটি, ব্যাটিং-গড় ২১.৭৩—এই রেকর্ডও খুব একটা খারাপ মনে হচ্ছে না পোলার্ডের?তাহলে রেকর্ডটা এমনই থাকুক না!