পোলিশ অধিনায়কের দুঃখগাথা
দেশের মাটির ইউরোর জন্য পোল্যান্ডের প্রস্তুতি শিবিরে চার দিন পর যোগ দিয়েছেন অধিনায়ক কুবা ব্লাজেকোভস্কি। অস্ট্রিয়ার লিয়েঞ্জে চলমান প্রস্তুতি শিবিরে বিলম্বে যোগ দেওয়ার কারণটা নিজের ওয়েবসাইটে দেখিয়েছেন ‘একান্তই ব্যক্তিগত’। অথচ পোলিশ গণমাধ্যম জানিয়েছে, ২৬ বছর বয়সী মিডফিল্ডার তাঁর বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পোল্যান্ডেই ছিলেন গত মঙ্গলবার। তার আগে রোববার ৫৬ বছর বয়সে মারা যান তাঁর বাবা।সেই ২০০৭ সাল থেকেই জার্মান ক্লাব ডর্টমুন্ডের খেলোয়াড় ব্লাজেকোভস্কি। কিন্তু এবার জার্মানির ডাবলজয়ী ক্লাবটিতে যতটা না ফুটবল-খ্যাতি তাঁকে পাদপ্রদীপের আলোয় এনেছে, তার চেয়ে বেশি এনেছে শৈশবের এক দুঃসহ স্মৃতি। ১৯৯৬ সালে ১১ বছরের বালক ব্লাজেকোভস্কির চোখের সামনেই তাঁর বাবা জিগমুন্ট ছুরিকাঘাতে খুন করেন মা আনাকে। খুনের দায়ে ১৫ বছর জেল খাটতে হয় জিগমুন্টকে। ২০১১ সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর বাবার সঙ্গে ব্লাজেকোভস্কি ও তাঁর ভাই ডেভিডের সম্পর্কটা কখনোই হূদয়ের উষ্ণতা পায়নি। তাই তাঁদের দুই ভাইয়ের জন্য বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকাটা ছিল আবেগের চূড়ান্ত এক পরীক্ষা। কিন্তু ব্লাজেকোভস্কি নিজেও আজ একজন বাবা। স্ত্রী আগাতা ২০১১ সালের এপ্রিলে জন্ম দিয়েছেন মেয়ে অলিভিয়ার। বাবা হয়ে নিজের বাবার সঙ্গে সব সম্পর্ক মুছে ফেলতে পারেননি ব্লাজেকোভস্কি।বাড়িতে ছিলেন চাচা জেরজি ব্রেজেক, ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকের রুপাজয়ী পোলিশ দলের অধিনায়ক। নৃশংস ওই ঘটনার পর ফুটবল খেলার পরিবেশ জুগিয়ে তাঁদের দুই ভাইকে মানুষ করেছেন দাদি। কিন্তু কখনোই মায়ের হত্যা-দৃশ্য মন থেকে মুছে যায়নি ব্লাজেকোভস্কির। এই ঘটনা নিয়ে অতীতে কখনোই খুব একটা বলেননি ২০০৬ সালে পোল্যান্ড দলে অভিষিক্ত ফুটবলার। তবে বছর দুয়েক আগে একটি পোলিশ টেলিভিশন চ্যানেলে বলেছিলেন, ‘সারা জীবন এই স্মৃতি আমার সঙ্গে থেকে যাবে। আমি আমার সবকিছুর বিনিময়ে হলেও মাকে ফিরে পেতে চাইতাম।’ আবেগাপ্লুত ব্লাজেকোভস্কি আরও বলে যান, ‘এই ঘটনা আমার জীবনের মোড় ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। ব্যাপারটা এমন, আপনার মাথায় একটা পাথর পড়ল আর এক সপ্তাহ পর আপনাকে উঠেই আবার জীবন শুরু করতে হলো। কেন এমন ঘটল, তা আমি আজও বুঝতে পারিনি।’ এএফপি।