পোল্ডির ৯ সেকেন্ডের গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলোনিয়া স্টেডিয়াম, ইতালি। ১৭ নভেম্বর, ১৯৯৩। বিশ্বকাপের বাছাইপর্বে সেদিন ইংল্যান্ড খেলছিল স্যান মেরিনোর বিপক্ষে। বিবিসি রেডিওতে ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন জোনাথন পিয়ার্স নামের এক ভদ্রলোক, ‘বোলোনিয়া থেকে সবাইকে স্বাগত এবং গোল...ইংল্যান্ড ১-০-তে পিছিয়ে পড়ল।’আন্তর্জাতিক ফুটবলের দ্রুততম গোল দেখার এই গল্পটা পরে বিভিন্ন জায়গায় অজস্রবার বলেছেন পিয়ার্স। ম্যাচের মাত্র ৮.৩ সেকেন্ডের সময় গোলটা করেছিলেন স্যান মেরিনোর স্ট্রাইকার ডেভিড গোয়ালটিয়েরি।ফ্লোরিডার আটলান্টিক ইউনিভার্সিটি স্টেডিয়ামে পরশু রাতে প্রায় এ রকমই একটা ঘটনা ঘটল। বেসবলের দেশের হাতে গোনা কিছু দর্শক জার্মানি-ইকুয়েডর প্রীতি ম্যাচটি দেখতে গ্যালারিতে এসে বসার আগেই লুকাস পোডলস্কি গোল করে এগিয়ে দিলেন জার্মানিকে (১-০)। ম্যাচের মাত্র নবম সেকেন্ডে করা তাঁর গোলটা এখন আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় দ্রুততম গোল! ‘পোল্ডি’ এই কাণ্ড করে না বসলে এ ম্যাচের গল্প লেখা যেত অন্যভাবেও। চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্ট দুই দল বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের কোনো ফুটবলারকে ডাকেননি জোয়াকিম লো। পরিবর্তে যাঁদের নিয়ে দল সাজিয়েছিলেন জার্মানির কোচ, সেটিকে জার্মানির দ্বিতীয় দল বলাই ভালো। কিন্তু এই দলই উড়িয়ে দিল ইকুয়েডরকে। ৯ সেকেন্ডের ওই গোল ছাড়াও ১৭ মিনিটের সময় আরেকটা গোল করলেন পোডলস্কি। তার আগে ও পরে লারস বেনডারের জোড়া গোল মিলিয়ে মাত্র ২৪ মিনিটেই ব্যবধান ৪-০। এরপর আর ম্যাচে ফেরার কোনো উপায় ছিল না ইকুয়েডরের। প্রথমার্ধের শেষে এবং খেলা শেষ হওয়ার মিনিট ছয়েক আগে পাওয়া গোল দুটি তাই তাদের জন্য এসেছে শুধুই সান্ত্বনা হয়ে। কোনো সন্দেহ নেই, সামনের রোববার ইয়ুর্গেন ক্লিন্সমানের যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে জার্মানি। একই রাতে ক্লিন্সমানের দলও বেলজিয়ামের কাছে যে হেরে গেছে ৪-২ গোলে! এএফপি, রয়টার্স।ওয়েম্বলি স্টেডিয়ামে ১৮ বছর পর ইংল্যান্ড-আয়ারল্যান্ড লড়াইটা অবশ্য এত নাটকীয় হলো না। শেন লংয়ের গোলে ১৩ মিনিটে আইরিশরা এগিয়ে গেলেও ১০ মিনিট পরই সমতা ফিরিয়েছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। বিরতির পর অনেক চেষ্টা করেও আইরিশদের রক্ষণদুর্গ আর ভাঙতে পারেনি রয় হজসনের দল। মারাকানা স্টেডিয়ামে সামনের রোববার ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে এই ১-১ ড্র তাদের খুব একটা স্বস্তি দেবে বলে মনে হয় না।