পোল্যান্ডকে আজ জিততেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ভ্রসলাভে পোল্যান্ডের সমীকরণটা পরিষ্কার, ‘করো, না হয় মরো।’ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে না জিততে পারলে আজই শেষ সহস্বাগতিকদের ইউরো। এরপর নিজ দেশে অতিথি সৎকারেই সময় কাটবে পোলিশদের। প্রথম দুই ম্যাচে ভালো খেলেও জয় পায়নি পোল্যান্ড। দুটি ড্র থেকে ২ পয়েন্ট সম্বল করে এখন গ্রুপ ‘এ’তে তিন নম্বরে রয়েছে তারা।পোলিশ কোচ ফ্রানচিশেক স্মুদা দৃঢ় রক্ষণ ও পাল্টা-আক্রমণনির্ভর রণকৌশল সাজাচ্ছেন। ১৯৭০ ও ’৮০-এর দশকে পোলিশ ফুটবলের গৌরব-যুগে এভাবেই খেলেই সাফল্য পেয়েছিল দলটি। এবার রাশিয়ার বিপক্ষে ঠিক এই কৌশলেই ১ পয়েন্ট ছিনিয়ে এনেছে স্বাগতিকেরা। তাই আর কৌশলটা পাল্টাতে চাইছেন না স্মুদা, ‘ওটা আমাদের প্রয়োজন নেই (বেশি আক্রমণাত্মক হওয়া)। ইতালিয়ানরা শুধু ঠেকিয়েই যায়, কিন্তু তার পরও তারা জেতে। আমরা কেন পারব না?’রাশিয়ার সঙ্গে ১-১ গোলের ড্রটাই সাহস জোগাচ্ছে পোল্যান্ডকে। আজ জিতলে ইতিহাসই গড়বে দলটি। ইউরোতে পাঁচ ম্যাচ খেলে এখনো জেতেনি তাঁরা।অন্যদিকে চেকরা চাইবে যেকোনো প্রকারেই হার এড়াতে। চোটে জেরবার দলটির অধিনায়ক টমাস রসিস্কি আজও খেলতে পারেন কি না, সেটি নিয়ে সংশয় আছে। গ্রিসের বিপক্ষে গোড়ালির চোটে পড়া রসিস্কি ঠিকমতো দাঁড়াতেই পারছেন না। তবে দলকে সুসংবাদ শুনিয়েছেন গোলরক্ষক পিওতর চেক। কাঁধের ব্যথায় ভুগলেও আজ খেলার জন্য প্রস্তুত চেলসি তারকা, ‘আমি ঠিক হয়ে যাব। প্রশ্নটা শুধু রসিস্কিকে নিয়েই।’সাম্প্রতিক কালে পোল্যান্ডের বিপক্ষে রেকর্ডটা সুবিধার নয় চেকদের। দুই দলের খেলা শেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে দলটি। এএফপি, রয়টার্স।