পোল্যান্ডে বার্সার পাঠশালা
‘টিকি-টাকা’ ফুটবলের অ-আ-ক-খ শেখাতে এবার স্পেনের বাইরে ইউরোপে তাদের প্রথম স্কুল খুলল বার্সেলোনা। এদিক দিয়ে পোল্যান্ড ভাগ্যবান। কারণ, এ সময় ফুটবলে সৌন্দর্যের ফুল ফোটানো স্প্যানিশ ক্লাবটি এই পাঠশালা গড়ল পোল্যান্ডেই। আগামী দিনের লিওনেল মেসি হওয়ার স্বপ্ন দেখা শিশু-কিশোরদের জন্য খোলা স্কুলের নাম এফসিবি এস্কোলা ভার্সোভিয়া। স্কুলটিকে পোল্যান্ডের বড় পাওয়া বলছেন ওয়ারশর ক্রীড়া পরিচালক ভিয়েসল ভিলসজিনস্কি। বুধবার পোল্যান্ডের রাজধানীতেই আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এই স্কুলের।৬ থেকে ১২ বছর বয়সী তিন হাজার শিশু-কিশোর থেকে মাত্র ৬২০ জনকে বাছাই করে শুরু হয়েছে এই স্কুল। এখান থেকে পোল্যান্ডের এই খুদে ফুটবলাররা শিখবে বার্সার পাসিং ফুটবল, যে ফুটবল দিয়ে বার্সেলোনা ও স্পেন এখন শাসন করছে ফুটবল বিশ্ব।এই স্কুল পোল্যান্ড ফুটবল দলকে আগামী দিনের তারকা উপহার দেবে বলে আশাবাদী ভিলসজিনস্কি, ‘এরা সবাই শিশু, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা পোলিশ ফুটবলের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকেই আমরা সেই খেলোয়াড়দের পেতে পারি, যারা একসময় আন্তর্জাতিক পর্যায়ে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে।’ফুটবলে একসময় সুদিন ছিল পোল্যান্ডের। ১৯৭২ অলিম্পিক ফুটবলে সোনা, পরের অলিম্পিকে রুপা তো বটেই, ১৯৭৪ ও ১৯৮২ বিশ্বকাপে তৃতীয়ও হয়েছিল তারা। ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশটি হারানো সুদিন ফিরে পেতে চায়। আগামী বছর অনুষ্ঠেয় ইউরোর যৌথ আয়োজক তারা। ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে সরকারও নিয়েছে বেশ কিছু কর্মসূচি। এর মধ্যে আছে দেশজুড়ে অসংখ্য কৃত্রিম ঘাসের মাঠ তৈরি।ওয়ারশর এমন চারটি মাঠেই চলবে বার্সার এই স্কুলের কার্যক্রম। কোনো ভবন নেই, মাঠেই সব। মাসিক ফি দিতে হবে ১৯০ জ্লটি (৪ হাজার টাকা)। পোলিশদের গড় মাসিক আয়ের তুলনায় এই ফি সামান্যই। এই স্কুলের সঙ্গে বার্সার অবশ্য কোনো আর্থিক লেনদেন থাকবে না। তারা কেবল প্রশিক্ষণের দিকটি দেখবে। স্পনসরদের কাছ থেকে টাকা তুলে সব খরচ বহন করবে ওয়ারশ কাউন্সিল।সারা বিশ্বে এ ধরনের আরও ছয়টি স্কুল আছে বার্সার—মিসর, হংকং, কুয়েত, পেরু, জাপান ও সংযুক্ত আরব আমিরাতে। এএফপি।