পোল্যান্ডের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলিশ ও রুশ সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আজ বুধবার দুঃখ প্রকাশ করেছে ইউরোর সহ-আয়োজক পোল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১৫৬ জন পোল্যান্ড ও ২৫ জন রাশিয়ার সমর্থক। বাকি তিনজন বিদেশি ফুটবল সমর্থক।পোল্যান্ডের মাসুরিয়া প্রদেশের গভর্নর রয়টার্সকে বলেছেন, ‘আমরা খুবই দুঃখিত যে আমাদের অতিথিরা আক্রমণের শিকার হয়েছেন। এখানকার নিরাপত্তায় তাঁরা হয়তো আস্থা হারিয়ে ফেলেছেন। তবে পুলিশ খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’বিবিসি জানায়, গতকাল মঙ্গলবার খেলা শুরু হওয়ার কিছু আগে রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে রুশ সমর্থকেরা একটি শোভাযাত্রা বের করে। সেই শোভাযাত্রায় পোলিশ সমর্থকেরা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। কয়েক হাজার দাঙ্গা পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জল কামান থেকে পানি ছোড়ে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, ওয়ারশর এক রেস্তোরাঁয় মুখোশধারী প্রায় ৫০ জন পোলিশ সমর্থক রুশ সমর্থকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। খেলা চলাকালে ওয়ারশর বিভিন্ন স্থানে মৃদু হাতাহাতির খবর পাওয়া গেছে। স্টেডিয়ামের বাইরে বড় পর্দায় খেলা দেখার সময় দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে।ঘটনায় দায়ীদের শাস্তির মুখোমুখী করা হবে জানিয়ে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী জাসেক চিকোকি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আশা করছি, আইনজীবী এবং বিশেষ করে আদালত জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন।’