পোল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী স্পেন
বিশ্বকাপে স্পেনকে অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছে। তাদেরকে ফেবারিট ধরা যে ভুল কোনো সিদ্ধান্ত নয় তার প্রমাণও গতকাল মঙ্গলবার দিয়েছে দলটি। বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচে পোল্যান্ডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে স্পেন।পোল্যান্ডের বিপক্ষে যেন গোল ভাগাভাগি করে নিয়েছেন স্পেনের ফুটবলাররা। ফার্নান্দো টরেস, ডেভিড ভিয়া, ডেভিড সিলভা, জাভি আলোনসো, চেক ফ্রাব্রিগাস ও পেড্রো সবাই একটি করে গোল করেছেন। পোল্যান্ডকে বড় ব্যবধানে হারের চেয়েও যেন স্পেনের বড় প্রাপ্তি ফার্নান্দো টরেসের চোট থেকে ফিরে আসা।গত এপ্রিলে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল টরেসের। প্রায় দুই মাস বিরতির পর গতকালই ছিল তাঁর প্রথম ম্যাচ। ৬৬ মিনিটে ডেভিড ভিয়ার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ১০ মিনিটের মধ্যে গোলের দেখা পেয়ে যান স্পেনের এই স্ট্রাইকার। টরেসের চোট কাটিয়ে ফিরে আসার ম্যাচে স্পেনের সমর্থকদের জন্য দুঃসংবাদও রয়েছে। চোট পেয়েছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। পেশিতে টান পড়েছে তাঁর। কোচ দেল বস্ক অবশ্য স্পেনের স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, ‘ইনিয়েস্তা ভালো আছে। তাকে নিয়ে চিন্তা করার কিছু নেই।’