বিদেশে খেলতে যাওয়ার আগে সেখানে ফলাফল কেমন হবে, সেই আলোচনাই হয় সবচেয়ে বেশি। কিন্তু এবারের এসএ গেমসটা যেন ব্যতিক্রম। বাংলাদেশের প্রথম দলটি আজ গেমসের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে পদক জয় নিয়ে তেমন কথাবার্তা নেই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) দেওয়া খেলোয়াড়দের পোশাকই বরং এখন আলোচনার কেন্দ্রে!
শাড়ি, ব্লেজার, ট্র্যাকসুট, কেডস, জুতা—কোনোটিই ঠিকঠাক হয়নি বলেছেন একাধিক খেলোয়াড় ও সংগঠক। এগুলোর মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষ করে শাড়ি নিয়ে জোর আপত্তি মেয়েদের। ওটা পাতলা এবং একবার ধোয়ার পর নাকি ব্যবহারের অযোগ্য হয়ে যেতে পারে! এমন শাড়ি পরে কীভাবে মার্চপাস্টে অংশ নেবেন তা নিয়ে অনেক নারী খেলোয়াড় ও কর্মকর্তাকে হাসাহাসিও করতে দেখা গেছে কাল।
ব্লেজার কোনোটি আঁটসাঁট, কোনোটি গায়েই ঢোকে না। এদিক টানলে ওদিক নেই। কোথাও কোথাও সেলাইও গেছে খুলে। ট্র্যাকসুটেরও একই অবস্থা। কেডস বেশির ভাগই বিশাল। যার প্রয়োজন ৪১ নম্বর, তাকে দেওয়া হয়েছে ৪৪! গত এসএ গেমসে সোনাজয়ী উশু খেলোয়াড় ইতি ইসলামও এর ভুক্তভোগী, ‘আমার পায়ের চেয়ে কয়েক ইঞ্চি বড় এই কেডস আমার কাজেই আসবে না। ওটায় পা ঢোকালে খালি অংশটা কী দিয়ে ভরাব! তাই ওটা গেমসে নিয়ে লাভ নেই।’
কেডস তবু বদলে নেওয়ার সুযোগ আছে এবং অনেকে নাকি বদলেও নিয়েছেন। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে গেমসগামী এক নারী কর্মকর্তা বললেন, ‘শু কোথা থেকে বানিয়েছে জানি না। ঠিকানা জানলে বদলে আনার চেষ্টা করতাম।’
বাংলাদেশ দলের ডেপুটি শেফ দ্য মিশন কামরুন নাহার ডানা এসব নিয়ে কিছু বলতে রাজি হলেন না। যদিও শাড়ির ব্যাপারটা তাঁর জানার কথা। কিন্তু জানেন না, ‘এই জিনিসগুলো কেনাকাটার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না। শাড়ির ব্যাপারে আমার কোনো মতামতও নেওয়া হয়নি।’
শেফ দ্য মিশন ও বিওএর উপমহাসচিব আশিকুর রহমান মিকুও বলছেন তিনি এসবে যুক্ত নন। তবে পোশাকের মান ভালো বলে দাবি করলেও শাড়ির ব্যাপারে দিলেন ভিন্নমতই, ‘রাজশাহী সিল্কের শাড়ি দেওয়া হয়েছে তাই পাতলা। তবে গেমসে শীতের কথা চিন্তা করলে টাঙ্গাইল বা অন্য শাড়ি দিলে ভালো হতো।’ জুতা-কেডস বড়-ছোট হলে সেগুলো বদলে নেওয়ার কথাও জানালেন এই কর্মকর্তা। বিওএর কোষাধ্যক্ষ রাজীব উদ্দিন আহমেদ চপল যুক্ত ছিলেন পোশাকসংক্রান্ত বিষয়গুলোতে। সব ঠিকঠাকই করা হয়েছে বলে তাঁর দাবি।
সব ঠিকঠাক হলে তো ভালোই। কিন্তু খেলোয়াড়েরা বলছেন ভিন্ন কথা। শিলংয়ের ঠান্ডা নিয়ে এমনিতেই ভয় আছে বাংলাদেশের, তার ওপর পোশাক নিয়ে অসন্তোষ সঙ্গী করেই বিওএর ভাড়া করা গুয়াহাটিগামী বিশেষ চার্টার্ড বিমানে আজ সকালে চেপে বসবে নয়টি খেলায় ১৬০ সদস্যের প্রথম দলটি।
আর্চারি, ব্যাডমিন্টন, সাইক্লিং, সাঁতার, টিটি, ভলিবল, উশু, মহিলা ফুটবল যাচ্ছে সবার আগে। আগামীকাল যাবে টেনিস, অ্যাথলেটিকস, ভারোত্তোলন, কুস্তি, খো খো, হকি ও পুরুষ ফুটবল। ৮ ফেব্রুয়ারি সবার শেষে যাবে বাস্কেটবল, বক্সিং, হ্যান্ডবল, জুডো, কারাতে, শুটিং ও তায়কোয়ান্দো।