পোশাকি মহড়া দিল আরও আত্মবিশ্বাস
অপেক্ষার পালা প্রায় শেষ। আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে একাদশ দক্ষিণ এশীয় গেমস। উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া: কয়েক দিন ধরে প্রচার হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানটা জাঁকজমকপূর্ণ হবে। আসলেই হবে কি না তা দেখা যাবে আগামীকাল। তবে কাল উদ্বোধনী অনুষ্ঠানের পোশাকি মহড়ায় তার একটা ছোঁয়া ছিল।অ্যাকুয়াটিক শো নিয়ে কৌতূহলটা বেশি। এবারই প্রথম দক্ষিণ এশিয়ায় এমন শো হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পশ্চিম দিকে মোহামেডান গ্যালারির পুরো অংশটায় বিশেষ একটা মঞ্চ করা হয়েছে সেজন্য। সেই মঞ্চে পানির কৃত্রিম ঝরনা। ঝরনা, আলোকরশ্মি আর সাউন্ড সিস্টেমের মিশেলে এই পর্বে নাচ-গান ছিল নতুনত্বে ভরা। কাল পোশাকি মহড়ায় এটিই সবচেয়ে বেশি চোখ কেড়েছে।গ্যালারিতে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, সঙ্গে ১৯৭১ সালে স্বাধীনতার সময় জর্জ হ্যারিসনের সেই বিখ্যাত গানের পর্বটাও ছিল দেখার মতো।সব মিলিয়ে সন্তুষ্টই দেখাল অনুষ্ঠান আয়োজকদের। সবকিছু ঠিকমতো হয় কি না, এটা নিয়ে তাঁদের চিন্তা দূর হয়ে গেছে বলা যাবে না, তবে আত্মবিশ্বাস অবশ্যই বেড়েছে।দর্শকদের জন্য খবর: তবে মাঠে বসে ৯-১০ হাজার পারফর্মারের উদ্বোধনী অনুষ্ঠানটা দেখার সুযোগ পাওয়াটা সাধারণ দর্শকের জন্য ভাগ্যের ব্যাপার মনে হচ্ছে। স্টেডিয়ামের ২৫ হাজার আসন চলে যাচ্ছে পারফর্মারদের দখলে। এর বাইরে ১০ হাজার মানুষ স্টেডিয়ামে ঢুকতে পারবে। আমন্ত্রিত অতিথি থাকছে ৩-৪ হাজার। এ ছাড়া ক্রীড়া ফেডারেশনগুলোর জন্য থাকছে প্রায় ২ হাজার টিকিট। সাধারণ দর্শকের জন্য থাকতে পারে ২-৩ হাজার টিকিট, যার মূল্য ৫০ টাকার বেশি হবে না।দু-একটি বাদে বাকি খেলাগুলো দেখার জন্য টিকিট লাগছে না। চট্টগ্রামের ফুটবল হচ্ছে এবং সেখানকার আয়োজকেরা টিকিটের ব্যবস্থা রাখছেন। ঢাকায় ফুটবল দেখতে টিকিট লাগবে কি না, এখনো চূড়ান্ত করেনি বাফুফে। তবে আর কোনো খেলায় টিকিট লাগবে না।চট্টগ্রামেও তোড়জোড়: প্রতিটি বিভাগীয় শহরে এসএ গেমসের খেলা রাখতে হবে—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশ অনুযায়ী চট্টগ্রামে হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানকে নিয়ে ফুটবলের ‘এ’ গ্রুপের খেলা। ভারত ও পাকিস্তান দল চট্টগ্রাম পৌঁছে গেছে মঙ্গলবার রাতে। গত রাতে আসার কথা বাকি দুই দলের।আমাদের চট্টগ্রাম অফিস জানিয়েছে, স্থানীয় আয়োজকদের মধ্যে বেশ উত্সাহ আছে। ম্যারাথন, নৌকাবাইচ...ইত্যাদি অনুষ্ঠান করে সাধারণ মানুষের কাছে এই আয়োজনের খবর পৌঁছানোর চেষ্টা চলছে। কাল সংবাদ সম্মেলনে কর্মকর্তারা আশাবাদ রাখলেন, যেহেতু অনেক দিন পর আন্তর্জাতিক ফুটবল হচ্ছে এমএ আজিজ স্টেডিয়ামে, তাই দর্শক-খরা অন্তত থাকবে না।হকি দলের হার: কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলল বাংলাদেশ হকি দল। অনুমিতভাবেই বাংলাদেশ হেরেছে। তবে ব্যবধানটা বড় ছিল না, ১-২। মামুনুর রহমান চয়নের পেনাল্টি কর্নারের গোলে বাংলাদেশ ১-১ করলেও শেষ পর্যন্ত হারতেই হয়েছে।