পৌঁছে গেছে ম্যারাডোনা-মেসির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েনস এইরেস থেকে ২০ কিলোমিটার দূরে একটা খামারে অশ্বচালনা প্রশিক্ষক হিসেবে কাজ করেন মার্টিন বারতাইনা। শুক্রবার ভোরবেলায় একটা ঘোড়া নিয়ে ছুটলেন রাজধানীতে। লম্বা পথ পাড়ি দেওয়ার কোনো ক্লান্তি নেই ৩৯ বছর বয়সী মানুষটির মুখে। ঘোড়ার পিঠে বসেই চিৎকার করছেন, ‘ম্যারাডোনা, ম্যারাডোনা! আমরা তোমার সঙ্গে আছি।’শুধু বারতাইনা নন, হাজার হাজার মানুষ এভাবে চিৎকার করে কাল বুয়েনস এইরেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায় দিল ডিয়েগো ম্যারাডোনার দলকে। আর পরদিনই, মানে গতকাল অস্ট্রেলিয়া, ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেল আর্জেন্টিনা। আর্জেন্টিনার কিছু পরই চতুর্থ অংশগ্রহণকারী দেশ হিসেবে পৌঁছেছে ডেনমার্কও।‘হোলা দক্ষিণ আফ্রিকা, ভালোবাসি দক্ষিণ আফ্রিকা’—ও আর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে উপস্থিত লোকজনের উদ্দেশে চুমু ছুড়ে নিজেদের প্রত্যাবর্তন উদ্যাপন করলেন ম্যারাডোনা।দক্ষিণ আফ্রিকার প্রতি ভালোবাসার কথা ছাড়া আর কিছু অবশ্য ম্যারাডোনা বা দলের কেউই বলেননি। উজ্জ্বল রঙে রাঙানো বিলাসবহুল কোচে করে রওনা হয়ে গেলেন প্রিটোরিয়ায় দলের ঘাঁটির দিকে। সাংবাদিকদের সব প্রশ্নেই চুপ করে রইলেন আর্জেন্টিনা দলের প্রধান আকর্ষণ ম্যারাডোনা। চুপ করে ছিলেন মাথায় সাদা বেসবল টুপি আর পরনে সাদা জ্যাকেট-ট্রাউজারে আবৃত লিওনেল মেসিও।এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রাখা মেসির দিকে যেন শুধু আর্জেন্টিনা নয়, দক্ষিণ আফ্রিকাও তাকিয়ে আছে—তাদের দেশের বিশ্বকাপে জাদু দেখাতে হবে! জাদু দেখানোর চাপটা মেসিকে বেশ কিছুদিন ধরেই সহ্য করতে হচ্ছে।কিন্তু আর্জেন্টিনা ছাড়া আগে দলের আরেক গুরুত্বপূর্ণ স্ট্রাইকার সার্জিও আগুয়েরো বলছেন, তাঁরা শুধু মেসির ওপর ভরসা করছেন না। মেসিকে ছোট করছেন না। বরং বলছেন, মেসির ওপর বেশি ভরসা করলে ওকে ঠিকমতো সাহায্যই করা যাবে না, ‘অনেক সময় লিওর (মেসির) ওপর বেশি ভরসা করে আমরা ভুল করে ফেলি। আমাদের ওকে সমর্থন দিতে হবে। আমাদের আরও ভালো খেলোয়াড় আছে। যাদের সবার কাজ হবে, এই বিস্ময়কর খেলোয়াড়টিকে ঠিকমতো সহায়তা করার যোগ্য হয়ে ওঠা।’তেভেজ-হিগুয়েইন-মিলিতো, যোগ্য খেলোয়াড় দলে কম নেই। বরং গত মৌসুমে আগুয়েরোর যা পারফরম্যান্স, তাতে অনেকে তাঁকেই ‘অযোগ্য’ মনে করছেন। নিন্দুকেরা বলছে, স্রেফ ম্যারাডোনার জামাই বলে বিশ্বকাপ দলে ঠাঁই পেয়েছেন। আগুয়েরো বেশ কড়া জবাবই দিলেন, ‘আমি ম্যারাডোনার জামাই হওয়ার অনেক আগেই জাতীয় দলে ডাক পেয়েছি। আমি নিজের খেলা দিয়েই জায়গা করে নিয়েছি। আমি পরিষ্কার করে দিতে চাই, জাতীয় দলে ম্যারাডোনা আমার কোচ ছাড়া কিছু নন।’ম্যারাডোনার সঙ্গে সম্পর্ক তাঁর যেমনই হোক, আগুয়েরো মেসিতেই মুগ্ধ হয়ে আছেন। তাঁরা মেসির ওপর চাপ না দিলেও, মেসিই তাঁদের বিশ্বকাপ এনে দিতে পারেন বলে বিশ্বাস ‘কুনের’, ‘লিও আমাদের জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওর একটা আক্রমণই ম্যাচের ফল এনে দিতে পারে। ওর মতো খেলোয়াড় আমাদের সঙ্গে আছে, এতেই খুশি আমি।’খুশি আর্জেন্টিনার লোকজনও। মেসি না তেভেজ, হিগুয়েইন না আগুয়েরো—এ আলোচনায় আর তাঁদের আগ্রহ নেই। তাঁদের এখন একটাই চাওয়া, বিশ্বকাপ। আর সেই দাবিটা ম্যারাডোনার কাছে।কাঁধে নাতিকে বসিয়ে বিশ্বকাপ দলকে বিদায় জানাতে এসেছিলেন ৬৮ বছরের কার্লোস পারাদেলা। একগাল হেসে এই কাপড় ব্যবসায়ী বলে দিলেন, ‘আমাদের দলে বিশ্বের সেরা সব খেলোয়াড় আছে। ডিয়েগো আমাদের চ্যাম্পিয়ন করে দেবে।’বিশ্বাসের চাপটা টের পাচ্ছেন ম্যারাডোনা? এএফপি, ওয়েবসাইট।