পৌঁছে গেল চ্যাম্পিয়নরাও
বিশ্বসেরার মুকুট তাদের মাথায়। তবে তা এবার খুলে রাখতে হয় কি না, সেই সংশয় প্রকাশ করছেন বেশির ভাগ ফুটবল-বোদ্ধা। ইতালির সামনে বড় এক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সঙ্গী করেই কাল কড়া নিরাপত্তার মধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছাল আজ্জুরিরা। আপাতত তাদের ঘাঁটি প্রিটোরিয়ার বাইরে লেরিবা গলফ লজ।বিশ্বকাপ দুয়ারে দাঁড়িয়ে, কিন্তু মানসিকভাবে ইতালি শিবির তেমন চাঙা নয়। প্রস্তুতি ম্যাচে তারা হেরেছে মেক্সিকোর কাছে (১-২)। সুইজারল্যান্ডের সঙ্গে করেছে ড্র (১-১)। এটা হয়তো খুব বড় কিছু নয়, তবে পরিপূর্ণ একটা দল সাজাতেই হিমশিম অবস্থা কোচ মার্সেলো লিপ্পির।ইতালি দলটাকে এবার বলা হচ্ছে ‘বুড়োদের দল’। নতুন মুখ তেমন নেই, গতবারের দলটাই মূলত খেলছে। অনেক সমস্যার একটি হলো—ইনজুরি। কাফ ইনজুরিতে ভোগা আন্দ্রে পিরলোকে প্রথম কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। এমনিতেই রক্ষণনির্ভর ফুটবল খেলে ইতালি, তার ওপর এবার তাদের আক্রমণভাগেও শক্তি অনেকটাই খর্ব।সুইজারল্যান্ডের বিপক্ষে না জিতলেও ওই ম্যাচে দল ছন্দ খুঁজে পেয়েছে বলে মনে করেন তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তাঁর কথা, ‘শুরুর দিকে আন্দ্রে না থাকলেও খুব বেগ পেতে হবে না আমাদের। চার বছর আগে যখন জেনারো গাত্তুসো ও জিয়ানলুকা জামব্রোত্তা ঝরে পড়ল, তখনো কিন্তু সবাই চরম হতাশ ছিল, কিন্তু ফলাফল হয়েছিল উল্টো।’তবে কোচ লিপ্পি দলের পারফরম্যান্সে খুশি নন মোটেও। বিশেষ করে রক্ষণভাগের খেলায় তিনি হতাশ। যেভাবে চাইছেন সেভাবে নাকি হচ্ছে না। বুফন অবশ্য কোচের হতাশাকে ‘অকারণ হতাশা’ই মনে করেন, ‘লিপ্পির এমনভাবে বলাটা মোটেও ঠিক না। তাঁর প্রতি আমাদের অগাধ বিশ্বাস। কিন্তু তাঁর কথা দলে সংক্রমিত হলে তাঁকে আবারও একটা ‘‘স্মরণীয় একটা মাস’’ উপহার দেওয়াটা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে।’ ওয়েবসাইট।