পৌনে চার শর আক্ষেপ সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজের পর আর সাদা পোশাক গায়ে চাপাননি। মাঝের সময়টাতে খেলেছেন আটটি টি-টোয়েন্টি। কিন্তু জড়তার ছাপ এতটুকুও ছিল না ব্যাটিংয়ে। ৪০ রানে ৩ উইকেট পড়ার পর নেমেছিলেন। শুরু করেছিলেন দারুণ এক পুলে চার মেরে। পরের যে দুই ঘণ্টা উইকেটে ছিলেন, ব্যাটিংটাকে মনে হচ্ছিল খুবই সহজ। বিপর্যয় কাটিয়ে যখন বড় একটা স্কোরের আশা উঁকি দিতে শুরু করেছে, তখনই ছন্দপতন। ফিফটির পরপরই রঙ্গনা হেরাথকে সুইপ করতে গিয়ে এলবিডব্লু  সাকিব আল হাসান। তামিম-শামসুর-মুমিনুলদের পর আত্মহত্যার মিছিলে আরেকটি নাম।

বাজে শট খেলে আউট হওয়ার দায় নিজের কাঁধে নিলেন সাকিব। কিন্তু সতীর্থদের সরাসরি দায় দিতে চাইলেন না। তবে সব মিলিয়ে মেনে নিয়েছেন ব্যাটিং-ব্যর্থতা, ‘আমার কাছে মনে হয়েছে আমাদের সেরা ব্যাটিং না হলেও স্রেফ স্বাভাবিক ব্যাটিংটা করলেও রান অন্তত পৌনে চার শ হওয়া উচিত ছিল। এক দিনেই বলছি না, কালকে (আজ) মিলিয়েই হতে পারত। কিন্তু আমরা পারিনি। এখন সত্যি বলতে অনেক পিছিয়ে আছি।’

ব্যর্থতা মেনে নিলেই তো দায় শেষ হয় না। কারণ অনুসন্ধানও চলে। উইকেটে বাউন্স ছিল সারা দিনই, লঙ্কান পেসাররা শর্ট বলও করে গেছেন প্রতি ওভারেই। এতে কাজও হয়েছে। তামিম-মুমিনুল-নাসিররা আউট তো শর্ট বলেই। তবে শর্ট বলের বিপক্ষে বরাবরের দুর্বলতাকে কালকের ব্যর্থতার কারণ মানতে নারাজ সাকিব। সকালে বল বেশ মুভও করেছে। কিন্তু উইকেটকেও কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না, ‘আমার মনে হয় না শর্ট বল খুব একটা সমস্যা করেছে। আমি যতক্ষণ ছিলাম, উইকেটকে খুব ভালোই মনে হয়েছে। এই উইকেটে রান করা সহজ, উইকেট নেওয়া কঠিন। দিনের প্রথম ঘণ্টায় কিন্তু ৮-১০ ওভার আমরা ভালোই খেলেছি। ৪০ রানও হয়ে গিয়েছিল ওই সময়। পরে ওদের ভালো বোলিং আর আমাদের বাজে ব্যাটিং মিলিয়েই আসলে এটা হয়ে গেছে।’

দু-একটি আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়েও একটু খেদ ঝরল সাকিবের কণ্ঠে। তবে দিন শেষে সাকিবের ‘আমরা পারিনি’ কথাটাই সবচেয়ে বড় সত্যি। একই সঙ্গে এটাও সত্যি বোলারদের ওপর এখন অনেক বড় দায়িত্ব। সাকিবও সেটি বলে গেলেন সংবাদ সম্মেলনে।