পৌষের বিকেলে তারার মেলা

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আঙিনায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন গলফার সিদ্দিকুর রহমান ও সাখাওয়াত হোসেন সোহেল। একটু পর বাবার হাত ধরে এনএসসিতে এল খুদে দাবাড়ু ফাহাদ রহমান। ছোট্ট ফাহাদকে কাছে ডেকে নিলেন সিদ্দিকুর। দুজনকে এক ফ্রেমে রেখে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ফটোসাংবাদিকেরা। খানিক বাদে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও ফাহাদকে দেখেই জড়িয়ে ধরলেন। কাল এনএসসির অডিটোরিয়াম মুখর হয়ে উঠেছিল দেশসেরা খেলোয়াড়দের পদচারণে। তাঁদের এক ছাদের নিচে আনল বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ক্রীড়া পুরস্কার।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত ক্রীড়ালেখক সমিতি ১৯৬৪ সাল থেকে ধারাবাহিকভাবে খেলোয়াড়, সংগঠক, পৃষ্ঠপোষকদের পুরস্কৃত করে আসছে। বর্ণাঢ্য অনুষ্ঠানে কাল দুই বছরের পুরস্কার একসঙ্গে তুলে দেওয়া হলো সবার হাতে। পৌষের বিকেলে পাশাপাশি বসে খোশগল্পে মেতে ওঠেন মুশফিকুর রহিম, মামুনুল ইসলাম, মামুনুর রহমান চয়ন। বিকেএসপির সাবেক ছাত্ররা যেন ফিরে গিয়েছিলেন অতীতে। তবে এই অনুষ্ঠানে ছিলেন না ২০১১ সালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বিগ ব্যাশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে সাকিব এখন অস্ট্রেলিয়ায়। তাঁর হয়ে পুরস্কার নেন সাকিবের ছোটবেলার বন্ধু সোহানুজ্জামান খান। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফাহাদের সাফল্যে বিস্মিত। ফাহাদকে পুরস্কার দিতে গিয়ে বললেন, ‘এইটুকুন ছেলে এত ভালো দাবা খেলে!’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বর্ষসেরা পুরস্কার ২০১১: গলফার সিদ্দিকুর রহমান (এস এ মহসিন ট্রফি, বর্ষসেরা ক্রীড়াবিদ), মামুনুল ইসলাম (ফুটবল), সাকিব আল হাসান (ক্রিকেট), সালমা খাতুন (মহিলা ক্রিকেট), সাইক সিজার (জিমন্যাস্টিকস), ফাহাদ রহমান (বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়), আ হ ম মোস্তাফা কামাল (সংগঠক), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (পৃষ্ঠপোষক), অ্যাথলেট সাইদুর রব (বিশেষ সম্মাননা)।
২০১২: ক্রিকেটার তামিম ইকবাল (এস এ মহসিন ট্রফি, বর্ষসেরা ক্রীড়াবিদ), মামুনুর রহমান চয়ন (হকি), মুশফিকুর রহিম (ক্রিকেট), এনামুল হোসেন রাজীব (দাবা), মাহবুব হারুন (হকি কোচ), ক্রিকেটার সোহাগ গাজী (বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়), লুৎফর রহমান বাদল (সংগঠক), ওয়ালটন (পৃষ্ঠপোষক), রিয়াজ উদ্দিন আল মামুন (বিশেষ সম্মাননা)।