প্যাঁচে এখন শ্রীনিবাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আইপিএলের ফাইনাল। অথচ এর কয়েক ঘণ্টা আগে জোরেশোরে এই প্রশ্নটা ঘুরপাক খেল—চেন্নাই সুপার কিংসের কি ফাইনালে খেলা ঠিক হবে? ভারতীয় ক্রিকেট অবশ্য এর চেয়েও বড় প্রশ্নে টালমাটাল—বিসিসিআই প্রধানের পদে থাকছেন তো এন শ্রীনিবাসন!

স্পট ফিক্সিংয়ের সৌজন্যে যে আগুন লেগেছে ‘নগরে’, তার আঁচ ‘দেবালয়ে’ গিয়ে তো লাগবেই। সব মিলিয়ে ঘটনাটা আরও ফেনিয়ে উঠেছে এই জন্য, পরশু মধ্যরাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিন্দু দারা সিংয়ের স্বীকারোক্তি থেকে উঠে এসেছে তাঁর নাম। এই মায়াপ্পনকে ‘আমাদের কেউ না’ বলে রেহাই পেতে চাইছে চেন্নাই। কিন্তু প্রশ্ন উঠছে, ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য বরাদ্দ ‘গোল্ড অ্যাক্রিডিটেশন কার্ড তাহলে তিনি পেলেন কোথায়? মায়াপ্পনের দিকে অভিযোগের তির ওঠা মানে চেন্নাইয়ের ফাইনাল খেলার যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ হওয়া।

মুম্বাই পুলিশ মায়াপ্পনকে গ্রেপ্তার করে বিবৃতিতে জানিয়েছে, তদন্তাধীন অপরাধের সঙ্গে মায়াপ্পনের জড়িত থাকার প্রমাণ আছে বলেই গ্রেপ্তার হয়েছেন। আইপিএলের নিয়ম অনুযায়ীই মহেন্দ্র সিং ধোনির দলের ফাইনালে খেলার অধিকার আছে কি না, এই প্রশ্ন তাই উঠছেই। অনিয়মের অভিযোগে খোদ আইপিএলের জন্মদাতা ললিত মোদিই এর আগে পার পাননি। চেন্নাই দলটির অঘোষিত মালিক শ্রীনিবাসনও দায় এড়াতে পারেন না।

মোদিকে আইপিএল থেকে ‘তাড়াতে’ তাঁর বিরুদ্ধ জোট রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওঠা অভিযোগকে পুঁজি করা হয়েছিল বলে মোদি নিজে অভিযোগ করেছিলেন। সে সময়ের অন্যতম কুশীলব শ্রীনিবাসন নিজে এখন পড়ে গেছেন পাকেচক্রে। তিনিও দাবি করছেন, জামাইকে ব্যবহার করে তাঁকে সরিয়ে দেওয়ার ‘ষড়যন্ত্র’ চলছে। তবে মুখে যা-ই বলুন না কেন, পায়ের তলে মাটি সরে যাচ্ছে এই শিল্পপতির। সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায় গত সপ্তাহে আইপিএল থেকে পুনে ওয়ারিয়র্সকে প্রত্যাহার করে নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন শ্রীনিবাসন বিসিসিআইয়ের প্রধান থাকলে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে স্পনসর চুক্তি নবায়ন করবেন না। সুব্রত রায় পরশু বলেছেন, শ্রীনিবাসন সরে গেলে তিনিও সিদ্ধান্ত বদলাবেন।

শ্রীনিবাসনের ভাগ্য নির্ধারণে গতকালই কলকাতায় বৈঠকে বসেছিল বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য ওই বৈঠকের ফলাফল জানা যায়নি। তবে শ্রীনিবাসন যেহেতু স্বেচ্ছায় সরে যাচ্ছেন না, বিষয়টি তাই জটিল হয়ে উঠেছে। বিসিসিআইয়ের গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভাপতি সরাসরি কোনো দুর্নীতিতে জড়িত থাকলে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে সাধারণ পরিষদের বিশেষ বৈঠক। কিন্তু শ্রীনিবাসনের সরাসরি জড়িত থাকার প্রমাণ এখন পর্যন্ত নেই।

ফলে যেটা হতে পারে, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভা পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন শ্রীনিবাসন। ওই সময়ই তাঁর দুই বছরের মেয়াদ পূর্ণ হবে। যদিও নির্বাচিত হলে আরও এক বছর মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। তবে এখনই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের লোভনীয় এক পদটি থেকে তাঁকে সরিয়ে দিতে একজোট হয়েছে শ্রীনিবাসনের বন্ধু এবং শত্রু বলে পরিচিত উভয় মহলই। সমস্যা হলো, শ্রীনিবাসন এরই মধ্যে এক সদস্যের একটি কমিশন গঠন করেছেন বিষয়টি তদন্ত করার জন্য। এই কমিশন তদন্ত শেষে তিন সদস্যের ডিসিপ্লিনারি কমিটির কাছে রিপোর্ট করবে। পদাধিকার বলে এই কমিটির সদস্য নিজেও। এখন যদি কমিশন দেখতে পায় চেন্নাইয়ের কেউ সত্যি সত্যিই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে শ্রীনিবাসনকেই ব্যবস্থা নিতে হবে। বিচারক তিনি, আর কাঠগড়ায় তাঁরই জামাতা কিংবা নিজের দল। স্বার্থের সংঘাত তো অনিবার্য!

শেষ পর্যন্ত কী হচ্ছে, তা দেখার জন্য আপাতত অপেক্ষা করতেই হচ্ছে। তবে তর সইছে না মোদির। এরই মধ্যে মুখ খুলেছেন ‘নির্বাসিত’ আইপিএলের সাবেক প্রধান। চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি বাতিলের দাবি তুলেছেন তিনি। ওয়েবসাইট।