প্যাটিনসন-কামিন্সের আশা
দুজনেরই টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। তবে স্বপ্নের জগতে বিচরণ দীর্ঘস্থায়ী হয়নি কারও। চোট দুজনকেই ছিটকে দিয়েছে মাঠের বাইরে। দুই তরুণের একজন জেমস প্যাটিনসন মাঠে ফিরতে চান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেই। প্যাট কামিন্সের ভাগ্য এতটা সুপ্রসন্ন নয়। আগেই জানা গেছে, ফিরতে পারবেন না পুরো অস্ট্রেলিয়ান গ্রীষ্মেই। তরুণ পেসার তাই পাখির চোখ করেছেন মার্চের ওয়েস্ট ইন্ডিজ সফরকে।ক্যারিয়ারের প্রথম চার টেস্টেই ২৫ উইকেট পেয়েছেন প্যাটিনসন, ম্যাচ-সেরা হয়েছেন দুই টেস্টে। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে চোট তাঁকে মাঠের বাইরে ঠেলে দেয়। ২১ বছর বয়সী ভিক্টোরিয়ানের আশা, খেলতে পারবেন সামনের ত্রিদেশীয় সিরিজের শেষভাগে, ‘আমার পুনর্বাসন খুব ভালোভাবে এগোচ্ছে। সপ্তাহ তিনেকের মধ্যেই হয়তো ফিরতে পারব মাঠে। পায়ের অবস্থা এখন ভালো। রানিং ও হালকা বোলিং করছি। আশা করি, ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচটা (অস্ট্রেলিয়ার) থেকেই আমি খেলতে পারব।’ ৫ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার পঞ্চম ম্যাচ ভারতের বিপক্ষে, ১৯ ফেব্রুয়ারি।প্যাটিনসনের টেস্ট অভিষেক হয়েছিল কামিন্স চোট পাওয়ায়। অভিষেকেই ম্যাচ-সেরা হয়েছিলেন কামিন্সও। দক্ষিণ আফ্রিকায় ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে ৭ উইকেট পাওয়ার পর ভীষণ চাপের মধ্যে তাঁর ব্যাট থেকেই দল পায় জয়সূচক বাউন্ডারি। নভেম্বরে জোহানেসবার্গের ওই টেস্টটাই এখনো হয়ে আছে তাঁর একমাত্র টেস্ট। গোড়ালির পুরোনো চোটটা মাথাচাড়া দেওয়ায় বাইরে থাকতে হচ্ছে ১৮ বছর বয়সী পেসারকে।তবে কামিন্সের বিশ্বাস, ওয়েস্ট ইন্ডিজের বিমানে তিনি জায়গা পাবেন, ‘সবাই একটা কথা আমাকে বারবার বলছে, যেন তাড়াহুড়ো করে না ফিরি। তাহলে হয়তো ফিরেই আবার মাস তিনেকের জন্য ছিটকে পড়তে হতে পারে। আমি দৌড়াতে শুরু করেছি এবং ব্যথা লাগছে না। ম্যাচ খেলার মতো অবস্থায় আসতে হয়তো আর সপ্তাহ চারেক লাগতে পারে। এরপর ১০ ওভার বোলিং করার মতো অবস্থায় অন্তত থাকব।’ ওয়েস্ট ইন্ডিজ সফরসূচিতে ওয়ানডেই আগে, শুরু ১৬ মার্চ। কামিন্সের দৃষ্টি সেদিকেই। ওয়েবসাইট।