প্যাটেলের কন্যা-ভাগ্য
পার্থিব প্যাটেলের সময়টা যাচ্ছে দারুণ। দিনকয়েক আগে হয়েছেন কন্যাসন্তানের বাবা। সেই আনন্দটাই দ্বিগুণ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে ডাক পেয়ে। ২৬ বছর বয়সী গর্বিত পিতা সদ্যোজাত কন্যাকেই ভাবছেন সৌভাগ্যের প্রতীক, ‘বাবা হওয়ার অনুভূতিটা দারুণ। আর মেয়েটা আমার কাছে সৌভাগ্যের প্রতীক।’আবারও দলে ফিরতে পেরে আনন্দিত প্যাটেল, ‘দলে ফেরাটা দারুণ ব্যাপার। ঘরোয়া পর্যায়ে ধারাবাহিক থাকার পুরস্কার এটি এবং আমি জানতাম এটা আসছে।’ যদিও অধিনায়ক ধোনিকে বিশ্রাম দেওয়াতেই সুযোগ পেয়েছেন গুজরাটের এই উইকেটকিপার ব্যাটসম্যান। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলবে ভারত।২০০২ সালে প্রথম ভারতীয় দলে সুযোগ পেয়ে মাত্র ২০টি টেস্ট খেলেছেন। প্যাটেল তাই জানেন দলে টিকে থাকতে হলে দুর্দান্ত কিছু পারফরম্যান্স দরকার। কারণ, ধোনি ফিরে এলেই গ্লাভসটা তাঁকে দিয়ে দিতে হবে। তবে এই মুহূর্তে তাঁর ভাবনায় শুধু ওয়েস্ট ইন্ডিজ সফর, ‘এ মুহূর্তে উইন্ডিজ সফরের বাইরে কিছুই ভাবছি না। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। আমি এর জন্য কঠোর পরিশ্রম করেছি এবং আশা করছি, আমার সেরা পারফরম্যান্সটা করতে পারব।’২০০৪ সালে ধোনির কাছেই জায়গা হারিয়েছিলেন সবচেয়ে কম বয়সে ভারতীয় দলের উইকেটকিপিং করা পার্থিব প্যাটেল। এর পর থেকেই দলে অনিয়মিত হয়ে পড়া প্যাটেল খেলেছেন মাত্র ১টি টেস্ট ও ৪টি ওয়ানডে। ওয়েবসাইট।