প্যাডেল চাপার অপেক্ষায় সাইক্লিস্টরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুরু ট্যুর ডি বাংলাদেশ প্রতিযোগিতার জন্য সাইক্লিস্টদের প্রস্তুতি l ফাইল ছবি
আজ শুরু ট্যুর ডি বাংলাদেশ প্রতিযোগিতার জন্য সাইক্লিস্টদের প্রস্তুতি l ফাইল ছবি

জাতীয় সাইক্লিংয়ে টানা আটবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের তারিকুল ইসলামের নিজের সাইকেল নেই। আনসারেরই এক সতীর্থ সাইক্লিস্টের পুরোনো ভাঙাচোরা সাইকেলটা ধার নিয়েছেন কদিনের জন্য। এই মুহূর্তে ওই সতীর্থ ব্যাটালিয়নে দায়িত্ব পালনে থাকায় সৌভাগ্যক্রমে সাইকেলটি ধার পেয়েছেন তারিকুল।

তা যেভাবেই হোক, সাইকেল পেয়ে মহাখুশি যশোরের এই সাইক্লিস্ট। সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে আজ থেকে বাগেরহাটে শুরু হচ্ছে ফরচুন ট্যুর ডি বাংলাদেশ। মূলত ট্যুর ডি ফ্রান্সের আদলে এবারই প্রথম দেশে এমন সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করেছে ফেডারেশন। তবে মূল ভাবনাটা বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের (বিইওএল), তারাই বাংলাদেশের বৃহত্তম এই সাইক্লিং প্রতিযোগিতার পৃষ্ঠপোষক।

আজ সকাল আটটায় বাগেরহাট জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে প্রায় ৫৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে সাইক্লিস্টরা গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে শেষ করবেন দিনের প্রতিযোগিতা। আগামীকাল সকাল আটটায় এটি আবার শুরু হবে গোপালগঞ্জ থেকে। কোটালীপাড়া হয়ে ৮৪ কিলোমিটার রাস্তা পেরিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসে শেষ হবে প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ। ২৩ ডিসেম্বর ঢাকার হাতিরঝিলে হবে ফাইনাল রেস। হাতিরঝিলকে কেন্দ্র করেই চলবে শেষ দিনের প্রতিযোগিতা। তবে গুলশান, রামপুরা, মগবাজার হয়ে সাত চক্কর দেওয়ার পর ৫২ কিলোমিটারের রেসটি শেষ হবে হাতিরঝিলেই। অর্থাৎ মোট ১৯১ কিলোমিটার অতিক্রম করবেন সাইক্লিস্টরা।

ফরচুন ট্যুর ডি বাংলাদেশের চ্যাম্পিয়ন সাইক্লিস্ট পাবেন তিন লাখ টাকা। রানারআপ দুই লাখ। এবারের ট্যুর ডি বাংলাদেশে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, বিজেএমসি, কারারক্ষী পুলিশ, দিনাজপুর, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মোট ৪০ জন সাইক্লিস্ট অংশ নিচ্ছেন।

ট্যুর ডি বাংলাদেশ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান। বাগেরহাট জেলায় কাল স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা শেষে বলেছেন, ‘এখানকার সবাই খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এই সাইক্লিং প্রতিযোগিতা দেখার। এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।’

ট্যুর ডি সাইক্লিংয়ের ভেন্যু হিসেবে গোপালগঞ্জও তৈরি। কাল গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ বলেছেন, ‘সাইক্লিং গোপালগঞ্জে অপরিচিত খেলা। এটা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এলাকায়। আশা করি, সবাই সাইক্লিং উপভোগ করবেন।’ এমনিতেই জাতীয় সাইক্লিং নিয়মিত হয় না। গত তিন বছরে এটি করতে পারেনি ফেডারেশন। এমন একটি বড় মঞ্চ পেয়ে তাই সাইক্লিস্টরা ভীষণ রোমাঞ্চিত। আনসারের সাইক্লিস্ট তারিকুলের কণ্ঠে উচ্ছ্বাস, ‘এটা আমাদের জন্য স্বপ্নের মতো ব্যাপার। এখানে আর্থিক পুরস্কার অনেক বেশি। সাইক্লিংয়ে এসে কখনোই সেভাবে কিছু পাইনি আমরা, এই টুর্নামেন্ট জিততে পারলে অন্তত কিছুটা হলেও আর্থিক অসচ্ছলতা ঘুচবে।’

প্রস্তুত সাইক্লিস্টরা। এবার শুধু প্যাডেল চাপার অপেক্ষায়।