প্যানেলভুক্ত প্রার্থীরাই জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। মহাসচিব পদে পুনর্নির্বাচিত সৈয়দ শাহেদ রেজা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির বাকি পদগুলোয় ভোটাভুটি হয়েছে কাল। ৮০ ভোটারের ৭৪ জনই ভোট দিয়েছেন। তাতে অনুমিতভাবেই শাহেদ রেজার পরিষদ নিরঙ্কুশ জয়ী। এই পরিষদের বাইরের প্রার্থীরা জেতা দূরে থাক, ভোটও পেয়েছেন অনেক কম।
সহসভাপতি পদে অঞ্জন চৌধুরী পিন্টু ও মাহবুব আরা গিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগেই। বাকি তিনটি সহসভাপতি পদে চার প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বাদল রায় (৭০)। এরপর শেখ বশির আহমেদ (৬৪) ও নাজিম উদ্দিন চৌধুরী (৬৪)। হেরেছেন বিওএর বিদায়ী কমিটির সহসভাপতি মিজানুর রহমান মানু (১৯)।
উপমহাসচিব হিসেবে নজীব আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বাকি দুটি উপমহাসচিব পদে কালকের নির্বাচনে জয়ী হয়েছেন আশিকুর রহমান মিকু (৬৮) ও আসাদুজ্জামান কোহিনুর (৫৮)। হেরেছেন ইন্তেখাবুল হামিদ (২০)। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল (৬০)। হেরেছেন ইমতিয়াজ খান বাবুল (১৪)। সদস্যপদে হেরেছেন খোন্দকার হাসান মুনীর (১৭) ও দেওয়ান শফিউল আরেফিন টুটুল (১২)।
ফল ঘোষণার পর যুব গেমস আয়াজনের কথা বলেছেন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। যদিও প্রায় তিন বছর ধরেই এটি আয়োজনের কথা শোনা যাচ্ছে। এবার তা করা হবেই বলে জোর দিলেন শাহেদ, ‘আমরা গত নির্বাচনের পর দায়িত্ব নিয়েই বাংলাদেশ গেমস করেছিলাম। এবার চলতি বছরেই যুব গেমস করতে চাই। এ ছাড়া খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণও চালিয়ে যাব।’