প্যারাগুয়ের ইতিহাস
দুজনই কোচ। ডাগআউটে দুজনের অবস্থান খুব কাছাকাছি। একজন আবেগ সংবরণ করতে না পেরে এক সহকর্মীকে বুকে চেপে ধরে কেঁদে নিলেন একচোট। অন্যজন শান্তশিষ্ট চেহারায় অভিনন্দন জানাচ্ছেন শিষ্যদের। কেবল খেলা শেষের এই দৃশ্যটুকু দেখলে কেউ বুঝতে পারেন প্রথমজনই বুঝি পরাজিত দলের কোচ! কেঁদে-কেটে স্বপ্নভঙ্গের কষ্ট হালকা করতে চাইছেন হয়তো। আর দ্বিতীয়জন বুঝি বিজয়ী বীরদের শুভেচ্ছা জানাচ্ছেন ব্যস্ত হয়ে।বাস্তবতা ঠিক উল্টো। সহকর্মীকে বুকে জড়িয়ে চোখের জল ফেলছেন যিনি, তিনিই জয়ী দল প্যারাগুয়ের কোচ জেরার্দো মার্টিনো। একটু আগে তাঁর শিষ্যরাই মাঠে গড়েছেন ইতিহাস। জাপানকে টাইব্রেকারে হারিয়ে প্যারাগুয়েকে নিয়ে গেছেন প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে। জেরার্দো মার্টিনোর কান্না সেই আবেগেরই। ইতিহাস তৈরি করা সাফল্যের সাক্ষী হয়ে থাকল তা।ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এই মার্টিনোই বেশ উৎফুল্ল। ঘোষণা দিলেন, বিশাল পার্টি হবে প্যারাগুয়েতে। যে পার্টিতে শরিক হবেন প্যারাগুয়ের আপামর জনসাধারণ, ‘আমরা পার্টি দেব। প্যারাগুয়ের মানুষকে সঙ্গে নিয়ে একত্রে উদ্যাপন করব। আমি প্যারাগুয়ের মানুষের মনের অবস্থাটা অনুমান করতে পারছি, তারা অবশ্যই এই সাফল্য উপভোগ করছে।’হেরেও জাপান কোচ তাকেশি ওকাদাকে শান্ত দেখানোর কারণ, শিষ্যদের মাঠের পারফরম্যান্সে তিনি খুশি। হারের দায়ভারটাও তুলে নিচ্ছেন নিজের কাঁধেই, ‘আমি তাদের জেতাতে পারিনি। আমি তাদের মধ্যে জয়ের যথেষ্ট তাড়না সৃষ্টি করতে পারিনি।’ জিতলে জাপান প্রথমবারের মতো উঠে যেত কোয়ার্টার ফাইনালে, তাতে কোচের বুকটা গর্বে আরও ফুলে উঠত, সন্দেহ নেই। তবে বিদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠা এবং সেখানে প্যারাগুয়ের মতো দলের বিপক্ষে সমানে সমানে লড়াই করে টাইব্রেকারের ভাগ্যপরীক্ষার হারায় দলকে নিয়ে তিনি গর্বিতই, ‘আমরা যেভাবে খেলেছি, তাতে একটুও দুঃখিত নই আমি। দারুণ খেলেছে খেলোয়াড়েরা। জাপান ও এশিয়ার প্রতিনিধি হিসেবে তারা গর্ব করতেই পারে। আমিও তাদের নিয়ে গর্বিত।’নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটও গোলশূন্য। পরে টাইব্রেকারে জিতে ইতিহাস গড়া। প্যারাগুয়ের ফুটবলের জন্য সোনালি এই সময়ে শিষ্যদের প্রশংসা থাকাটাই স্বাভাবিক প্যারাগুয়ে কোচ মার্টিনোর মুখে, ‘খেলোয়াড়েরা সর্বোচ্চ চেষ্টাই করেছে। ম্যাচটা ছিল খুবই ক্লোজ। আমরা এখন উৎসব করব। কারণ, আমরা কোয়ার্টার ফাইনালে উঠে গেছি।’শেষ আটে প্যারাগুয়ের প্রতিপক্ষ ফেবারিট স্পেন। এ জন্যই কি না কে জানে, মার্টিনোর পরের স্বপ্নটা খুব বেশি রঙিন নয়, ‘এটা বলছি না যে আমরা ইতিহাসের নতুন আরেকটি পাতায় নাম লেখানোর চেষ্টা করছি। তবে আমরা ভালো খেলার চেষ্টা করব।’ অধিনায়ক ও গোলরক্ষক জাস্তো ভিলারের চোখেও ভালো কিছু করারই স্বপ্ন, ‘আরও এগোতে চাইলে আমাদের আরও ভালো খেলতে হবে। কঠোর পরিশ্রম করলে সবই সম্ভব।’ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আগেই। পরশু দক্ষিণ আমেরিকার চতুর্থ দল হিসেবে শেষ আটে গেল প্যারাগুয়ে। ৮ দলের ৪টিই লাতিন আমেরিকার। প্যারাগুয়ের কোচ মার্টিনোর মুখে তাই মহাদেশ বন্দনাও, ‘আমার বিশ্বাস, দক্ষিণ আমেরিকার দলগুলো ভালো প্রস্তুতি নিয়েই এসেছিল। তাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে এবং তারা তাদের সেরা খেলাটাই খেলছে।’ এএফপি।