প্যারালিম্পিকে অংশ নিতে গিয়ে এমন মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহমানের মৃত্যুতে প্যরালিম্পিকে শোকের ছায়া। ছবি: সংগৃহীত
বাহমানের মৃত্যুতে প্যরালিম্পিকে শোকের ছায়া। ছবি: সংগৃহীত

পর্দা নামার মাত্র এক দিন আগে শোকের ছায়া রিও প্যারালিম্পিকের আসরে। রোড রেস ইভেন্টে দুর্ঘটনার পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ইরানি প্যারালিম্পিয়ান সাইক্লিস্ট বাহমান গোলবারনেজাদের। আহত ৪৮ বছর বয়সী বাহমানকে হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়।
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির মুখপাত্র ক্রেইগ স্পেনসে বলেছেন, ‘বাহমান গোলবারনেজাদের মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। রোড রেসে দুর্ঘটনার পরপর ঘটনাস্থলেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে নেওয়ার সময় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন।’
তবে রিও প্যারালিম্পিকের কমিউনিকেশন ব্যবস্থাপক মারিও আনদ্রাদার বক্তব্য অনেকটাই ভিন্ন। তিনি দাবি করেন, রোড রেস ইভেন্টেই পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছিলেন বাহমান। তাঁর হেলমেটে আঘাতের চিহ্ন রয়েছে।
প্যারালিম্পিকের আসর ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো ক্রীড়াবিদের মৃত্যুর সাক্ষী হলো।
প্যারালিম্পিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে বাহমানের পরিবারের কাছে ইতিমধ্যেই তাঁর দুঃখজনক মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয়েছে। ইরান প্যারালিম্পিক দলকে আগেই মৃত্যুর খবর জানানো হয়েছে। সূত্র: এবিসি নিউজ।