প্যারালিম্পিকে রাশিয়াই নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিকে নিষিদ্ধ হয়েছিল রাশিয়ার পুরো অ্যাথলেটিকস দল। একমাত্র রাশিয়ান অ্যাথলেট হিসেবে রিওতে ছিলেন দারিয়া ক্লিশিনা। ‘নিরপেক্ষ’ অ্যাথলেট হিসেবে সুযোগ পেয়েছিলেন এই লং জাম্পার। সে সুযোগটাই নিতে চেয়েছিলেন দেশটির প্যারালিম্পিয়ানরাও। কিন্তু সেটি তাঁরা পাচ্ছেন না। পরশু আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) জানিয়ে দিয়েছে, নিরপেক্ষ হিসেবেও রাশিয়ান অ্যাথলেটদের সুযোগ নেই রিওর প্যারালিম্পিকে।
গত ৭ আগস্ট আইপিসি জানিয়েছিল, রাশিয়াকে প্যারালিম্পিক থেকে নিষিদ্ধ করা হচ্ছে। এরপর ১৭৫ জন রাশিয়ান অ্যাথলেটই নিরপেক্ষ হিসেবে অংশ নিতে চেয়েছিলেন রিওতে। কিন্তু পরশু আইপিসি জানিয়ে দিয়েছে, রুশ কেউই সে সুযোগ পাবেন না। আন্তর্জাতিক ক্রীড়া আদালতও এ ব্যাপারে আইপিসির সিদ্ধান্তকেই সঠিক মনে করছেন।