প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক আইন-আদালত করে রিও অলিম্পিকে শেষ পর্যন্ত দেশের সব অ্যাথলেটের ওপর নিষেধাজ্ঞা কাটিয়েছে রাশিয়া। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়ে শেষ পর্যন্ত অলিম্পিকে পাঠাতে পেরেছে ২৭১ জন অ্যাথলেটকে। কিন্তু প্যারালিম্পিককে ঘিরে এখন আরও একবার আইন-আদালতে দৌড়াতে হচ্ছে দেশটিকে। আগামী সেপ্টেম্বরে রিওতেই অনুষ্ঠেয় প্যারালিম্পিক থেকেও রাশিয়ার পুরো দলকে গতকাল নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি)।
ডোপ পাপের জন্য রাশিয়ার সরকারকে দায়ী করে গত মাসে কানাডিয়ান আইন প্রভাষক রিচার্ড ম্যাকলারেনের প্রতিবেদন প্রকাশের পরই রাশিয়াকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছিল আইপিসি। সেটি চূড়ান্ত হলো গতকাল। তবে রাশিয়াও এরই মধ্যে জানিয়ে দিয়েছে, এই সিদ্ধান্তের বিপক্ষে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে তারা। বিবিসি।