তাঁর থাকার কথা ছিল মাঠে। তিনি থাকলেন ডাগ-আউটে। জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ার কথা ছিল তাঁর। ম্যাচ শেষে বাঁশি বাজার পর নিদারুণ হতাশায় মাথা ঝোঁকাতে ঝোঁকাতে বের হলেন। টাচলাইনে শেষ বাঁশি বাজার অপেক্ষায় থাকা লিওনেল মেসি, মাঠে ছুটে গিয়ে সতীর্থদের আলিঙ্গনে বেঁধে ফেলার অপেক্ষায় থাকা লিওনেল মেসিকে এই হতাশা উপহার দিয়েছেন ব্লেইস মাতুইদি। নাকি ভিক্টর ভালদেস? ৯৪তম মিনিটের খেলা চলছে। বক্সের বাইরে থেকে মাতুইদি শট নিলেন। ম্যাচের শেষ শট। আর সেটিই হাস্যকরভাবে ঠেকাতে ব্যর্থ হলেন ভালদেস। দু-দুবার এগিয়ে গিয়েও প্যারিস থেকে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো বার্সাকে।প্রতিপক্ষের মাঠে ড্র করা, একই সঙ্গে মহামূল্যবান দুটো অ্যাওয়ে গোল—বার্সার খুশিই হওয়া উচিত। ফিরতি লেগে অনেক সুবিধাজনক অবস্থা থেকেই শুরু করবে তারা। কিন্তু শেষ মুহূর্তের গোলে যদি ড্র হয়, দুঃখটা বাড়ে। এদিন ফুটবল নিয়তি যেন অদ্ভুত এক অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যেতে চাইল বার্সাকে। কখনো মনে হলো, ভাগ্য মেসিদের প্রতি একচোখা। পক্ষপাতদুষ্ট ভাগ্যের বদৌলতে দু-দুবার পোস্টে বল লেগে বেঁচে গেছে বার্সা। কিন্তু মাতুইদির ওই গোলের আগে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলটিও বার্সাকে পোড়াবে। পরিষ্কার অফসাইডে ছিলেন ইব্রা। ৩৮ মিনিটে মেসির দুর্দান্ত ভলি থেকে পাওয়া বার্সার লিডটা ৭৯ মিনিটে এভাবেই শোধ করেছে পিএসজি। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে জাভি যখন গোল করলেন, মনে হচ্ছিল, সহকারী রেফারির সেই ভুলটা যেন পুষিয়ে দিতে চায় নিয়তি। কিন্তু কে জানত, শেষটায় এত চমক!এবারের টুর্নামেন্টে নিজের অষ্টম গোলটি করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসার রাতে মেসির জন্য হতাশা বয়ে এনেছে হ্যামস্ট্রিংয়ের চোট। পরে হাভিয়ের মাচেরানোও স্ট্রেচারে শুয়ে বেরিয়ে এসেছেন। দীর্ঘদিন পর ডাগ-আউটে টিটো ভিলানোভার ফেরাটা হলো মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে। তাঁর পরিবর্তে সংবাদ সম্মেলনে আসা জর্ডি রৌরা অবশ্য বুঝিয়ে দিলেন বার্সার হতাশাটা, ‘রেফারি বেশ কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন। এটা হয়তো ভালো একটা ফলই হলো, কিন্তু এর জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে।’হারতে হারতে ড্র করে ফিরলে কোন কোচই না খুশি হন! তবে ১০ এপ্রিলের ফিরতি লেগটা বার্সার মাঠে, যেখানে মাত্রই আগের রাউন্ডে অবিশ্বাস্য এক রূপকথার জন্ম দিয়েছেন মেসিরা। এই তথ্য জানেন বলেই পিএসজির কোচ কার্লো আনচেলত্তি বলছেন, ‘ফিরতি লেগের জন্য প্রস্তুত হও।’ ম্যাচে একমাত্র আনন্দিত ব্যক্তি সম্ভবত ডেভিড বেকহাম। চ্যাম্পিয়নস লিগের প্রথম একাদশে নেমেছেন, প্রায় তিন বছর পর। চারটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে এই টুর্নামেন্ট খেলা প্রথম ব্রিটিশও হয়ে গেলেন তিনি। ৭০ মিনিট পর্যন্ত মাঠেও ছিলেন। সেই বেকহাম দলকে অভয় দিচ্ছেন, ‘ফিরতি লেগে আমরা জিততে পারব না—এর কোনো মানে নেই।’ এএফপি, রয়টার্স।