প্যারিস মাস্টার্সে থাকছেন না নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁ কাঁধে চোটের কারণে প্যারিস মাস্টার্স থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা রাফায়েল নাদাল। সামনের সপ্তাহেই শুরু হবে টেনিসের অন্যতম প্রধান এই ইনডোর প্রতিযোগিতা।কয়েক দিন আগেই মার্কোলায় নিজ বাড়িতে অনুশীলনের সময় কাঁধে চোট পান নাদাল। চোট গুরুতর না হলেও কমপক্ষে সাত দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে।প্যারিস মাস্টার্স থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘চোটটা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু কিছুদিন আমাকে চিকিত্সাধীন থাকতে হবে।’ প্রতিযোগিতায় অংশ নিতে না পারায় আয়োজক ও প্যারিসের ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নাদাল। তবে প্যারিস মাস্টার্সে অংশ নিতে না পারলেও মৌসুম শেষের এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে তিনি অংশ নিতে পারবেন বলে ধারণা করছে সবাই।এ মৌসুমে তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ী নাদাল গত বছর প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে বিদায় নিয়েছিলেন। নাদাল না থাকায় এক নম্বর বাছাই হিসেবে প্যারিস মাস্টার্স শুরু করবেন রজার ফেদেরার।—রয়টার্স