
অর্থই অনর্থের মূল।
পুরোনো প্রবাদটি অন্য সব ক্ষেত্রে সত্যি হতে পারে, কিন্তু ফুটবলে নয়। এখানে খ্যাতি ও সাফল্যের অনেকটাই নির্ভর করে আপনি কতটা অর্থ বিনিয়োগ করতে পারছেন তার ওপর। একসময়ের সাদামাটা চেলসি তাই রোমান আব্রামোভিচের মতো ধনকুবেরের হাতে পড়ে তিনবার জিতে নেয় প্রিমিয়ার লিগ। আরব শেখ মালিকানা কিনে পরাশক্তি বানিয়ে তোলেন ম্যানচেস্টার সিটিকে। অর্থের জোরেই বড় বড় ক্লাবকে টেক্কা দিয়ে স্যামুয়েল ইতোকে কিনে নেয় আনঝি মাখাচকালা। টাকায় কী না হয়!
হয় যে তার আরও একটা প্রমাণ দেবে আজ পিএসজি-মোনাকো ম্যাচ। এই দুই দলের কোনোটির গায়েই ইউরোপীয় পরাশক্তির তকমা নেই। এল ক্লাসিকোর আমেজ আর ধ্রুপদি ফুটবলের রূপ-রস এখানে খুঁজবে না কেউ। প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) আর মোনাকোর যা আছে সেটা হচ্ছে, অঢেল টাকা আর এর জোরেই ইউরোপের কয়েকজন নামীদামি ফুটবলারকে তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে মাঠে। তবে এর মধ্যে নীরবে কাজ করছে ইউরোপের পরাশক্তি হয়ে ওঠার আকাঙ্ক্ষা। এল ক্লাসিকো নয়, আজকের ম্যাচটাকে তাই মজা করে অনেকে বলছেন এল ক্যাশিকো (el cash-ico)।
শক্তির বিচারে দুই ক্লাব যে এত দিন অনেক পিছিয়ে ছিল, সেটাও বলা যাবে না। ফরাসি লিগে মোনাকো সাতবারের চ্যাম্পিয়ন, পিএসজি তিনবারের শিরোপাজয়ী। তবে মোনাকোর সর্বশেষ শিরোপা জয় এক যুগেরও আগে। গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার আগে পিএসজি সর্বশেষ লিগ জিতেছে ১৯৯৪ সালে। মাঝের সময়টায় লিওঁর একচেটিয়া দাপটে (২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতবারের চ্যাম্পিয়ন) প্রায় অসহায় হয়ে পড়েছিল অন্য ক্লাবগুলো। ২০০৯ সালে বোর্দো সেই আধিপত্য ভেঙে নতুন চ্যাম্পিয়ন হলেও নতুন শক্তি হিসেবে দাঁড়াতে পারেনি অন্য কোনো ক্লাব। প্রমাণ, গত পাঁচ বছরে লিগ ওয়ানের শিরোপা জিতেছে পাঁচটি ভিন্ন ক্লাব! ঐতিহ্যগতভাবে কোনো দ্বৈরথ, তারকার ছড়াছড়ি না থাকলে ফুটবল লিগ আকর্ষণ হারায় এমনিতেই। ফরাসি লিগও তাই দিন দিন যেন পিছিয়ে পড়ছিল লা লিগা, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা আর সিরি ‘আ’র দাপটে।
অবস্থা কিছুটা বদলাতে শুরু করে বছর দুয়েক আগে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি পিএসজি এবং রাশিয়ান ধনকুবের দিমিত্রি রিবলোভলেভ মোনাকোকে কিনে নেওয়ার পর। অঢেল টাকা ঢেলে দুই ক্লাবই কিনতে থাকে বিশ্বের নামীদামি অনেক ফুটবলারকে। গত মৌসুমেই সুফল ঘরে তুলেছে পিএসজি, ১৯ বছর পর জিতেছে লিগ। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার আরও বিনিয়োগ। ফল, প্যারিস আর মোনাকোতে এখন জ্লাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানি, রাদামেল ফ্যালকাওদের মতো তারার মেলা। সঙ্গে আছেন এরিক আবিদাল, হাভিয়ের পাস্তোরে, রিকার্ডো কারভালহো আর ফ্যাবিয়ানোরা। আকর্ষণ হারানো ফরাসি লিগে অনেক দিন পর আবার জমাট লড়াইয়ের আভাস। কৃতিত্ব অনেকটাই এই দুই ক্লাবের। ফরাসি লিগে আগামী দিনে সবচেয়ে বড় দুই শক্তি হয়ে উঠতে পারে ওরা। পিএসজি-মোনাকো ম্যাচ হতে পারে ইউরোপের অন্যতম সেরা দ্বৈরথ।
সেই দিন হয়তো আরও অনেক দূরে। তার আগ পর্যন্ত যদি এ লড়াইটা শুধু ‘এল ক্যাশিকো’ হয়ে থাকে, মন্দ কী? এএফপি।