প্যারিসের বিদায়মঞ্চে আবেগী বেকহ্যাম
জীবনের শেষ পেশাদারি ম্যাচটি খেলে ফেললেন ডেভিড বেকহ্যাম। শনিবার প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে সেন্ট জার্মেইঁয়ের মৌসুমের শেষ ম্যাচটি হয়ে থাকল বেকহ্যামেরও শেষ ম্যাচ। অশ্রুসজল চোখে বিদায় জানানোর পর বেকহ্যাম বলেছেন, সৌন্দর্যে উদ্ভাসিত ফরাসি রাজধানীতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি হয়ে থাকবে তাঁর জীবনের ‘বিশেষ এক মুহূর্ত’।শেষ খেলাটিতে কেবল খেলার জন্যই খেললেন না বেকহ্যাম, মাঠের লড়াইয়ে রাখলেন কার্যকর ভূমিকাও। গোল করিয়েছেন ব্লেইসে মাতুইদিকে দিয়ে। দ্বিতীয়ার্ধে মাঠ থেকে উঠে যাওয়ার আগ পর্যন্ত মাঠে ছিলেন দারুণ উজ্জ্বল।পিএসজির ৩-১ গোলের জয়ও কাল মলিন হয়ে গেছে বেকহ্যামের বর্ণাঢ্য বিদায়ে। চোখের জলে প্যারিসের মঞ্চে এই মহাতারকার বিদায় ছুঁয়ে গেছে গোটা ফুটবল দুনিয়াকে।ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফরাসি চ্যানেল ক্যানাল প্লাসকে দেওয়া এক সাক্ষাত্কারে বেকহ্যাম বলেছেন প্যারিসের মাঠে বিদায় নিতে পারার মুগ্ধতার কথা।‘প্যারিসের মাটিতে ক্যারিয়ার শেষ করতে পারাটা সত্যিই বিশেষ কিছু। পৃথিবীর অন্যতম সুন্দর এই শহরে শেষ ম্যাচটা খেলতে পেরে আমি আনন্দিত।’ মন্তব্য বেকহ্যামের। তিনি বলেন, ‘পিএসজি কিংবা রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড অথবা গ্যালাক্সি, এসি মিলান—যে ক্লাবই হোক, আমি খেলেছি আমার সর্বস্ব দিয়ে। আজ রাতটি নিশ্চিতভাবেই খেলোয়াড় হিসেবে আমার শেষ রাত।’২২ বছরের ফুটবলারের জীবনের শেষ লগ্নটা তাঁকে আপ্লুত করেছে দারুণভাবে। চোখের জল সামলাতে পারেননি। মানসপটে বারবারই ভেসে উঠছিল বর্ণালি স্মৃতিগুলো। বুকে পাথর বেঁধেই এই আইকন ফুটবলার জানালেন নিজের অনুভূতি, ‘বিদায়ের এই লগ্ন তো কষ্ট দিচ্ছেই, তবে এক অসাধারণ তৃপ্তি আমাকে আগলে রেখেছে। এই তৃপ্তিই এখন আমার বাকি জীবনের পাথেয়।’ ওয়েবসাইট।