
শেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের নয় মিনিটের ঝড়টা অবশেষে থামল রেফারির শেষ বাঁশিতে। লিভারপুল-সমর্থকদের দিকে তখন তাকানো যাচ্ছে না। হতাশ, স্তব্ধ, ফ্যাকাশে সব মুখ।
মাঠে লিভারপুল খেলোয়াড়দের অবস্থা যেন আরও করুণ। জনসন জার্সিতে মুখ গুঁজলেন, সুয়ারেজ তো কেঁদেই ফেললেন, সান্ত্বনা দিতে আসা জেরার্ডের চোখও ছলছল।
হওয়ারই কথা। জো অ্যালেন, ড্যানিয়েল স্টারিজ আর লুইস সুয়ারেজের গোলে ৭৯ মিনিট পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে লিভারপুল। কিন্তু পরের নয় মিনিটে তিন গোল খেয়ে ম্যাচ ড্র করতে হবে—জেরার্ড-সুয়ারেজদের দূরতম কল্পনাতেও যে এমনটা ছিল না!
আর শুধু একটা ড্র-ই তো নয়, এটা হারের চেয়েও বড় ধাক্কা! এমনিতেও যে খুব বেশি আশা ছিল তা নয়। তবে পরশু ক্রিস্টাল প্যালেসের সঙ্গে অভাবনীয় এ ড্র কার্যত প্রিমিয়ার লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে দিল ব্রেন্ডন রজার্সের দলকে। ২৪ বছরের অধরা যে শিরোপা-স্বপ্ন দিন কয়েক আগেও অনেক উজ্জ্বল ছিল। কিন্তু গত সপ্তাহে ঘরের মাঠে চেলসির কাছে হার আর পরশুর ড্রয়ে তীরে এসে তরি ডোবালেন জেরার্ড-সুয়ারেজরা।
ক্রিস্টাল প্যালেসের লাভ-ক্ষতি বিশেষ হয়নি। বড় একটা ক্লাবকে মৌসুমের শেষে এসে বিশাল ধাক্কা দেওয়াতেই তাঁদের যেটুকু আনন্দ। কিন্তু পরশুর ম্যাচের ফল শিরোপা লড়াইয়ে এবারের প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাজটা অনেক সহজ করে দিয়েছে। ম্যাচ শেষেই তাই সিটি উইঙ্গার সামির নাসরির উচ্ছ্বসিত টুইট, ‘অসাধারণ ম্যাচ, অসাধারণ। আমি ক্রিস্টাল প্যালেসের প্রেমে পড়ে গেছি। এখন আমাদের কাজটা করার পালা।’
সেই কাজটাও খুব কঠিন নয়। ৩৭ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৮১, এক ম্যাচ কম খেলে সিটির ৮০। আজ অ্যাস্টন ভিলা এবং ১১ মে ওয়েস্ট হামের বিপক্ষে শেষ দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পেতে হবে সিটিকে। তখন লিভারপুল নিজেদের শেষ ম্যাচে নিউক্যাসলকে হারালেও গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। দুটি ম্যাচই সিটি খেলবে নিজের মাঠে। অলৌকিক কিছু আশা না করে তাই সিটিকে আগাম অভিনন্দনও জানিয়ে রাখলেন লিভারপুল কোচ রজার্স, ‘শিরোপা লড়াই শেষ। আমার মনে হয় ওরা বাকি দুটি ম্যাচই জিতবে এবং চ্যাম্পিয়ন হবে। ওদের ওপর চাপ ধরে রাখতে আমাদের আজ ম্যাচটা জিততেই হতো।’ এএফপি।