‘প্যাসেঞ্জার’ সাকিব এবার ‘ড্রাইভার’ হতে চান

বিমানবন্দরে সাকিব আল হাসানছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ মার্চ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ‘শারীরিক ও মানসিক ক্লান্তি’র কথা বলেছিলেন সাকিব আল হাসান। জানিয়েছিলেন, আফগানিস্তান সিরিজে নিজেকে ‘প্যাসেঞ্জার’ মনে হয়েছে তাঁর। এরপর তাঁকে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। এক সপ্তাহ পর সাকিব সেই শাহজালাল বিমানবন্দরেই যখন আবারও সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন, তখন তিনি যাচ্ছেন দক্ষিণ আফ্রিকাতেই! এবার বলে গেলেন, দলের ‘ড্রাইভার’ হওয়ার ইচ্ছার কথা।

এর মধ্যেই বেশ নাটকের পর দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হয়েছেন সাকিব। গতকালই জানা গিয়েছিল, আজ যাবেন তিনি। যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে কখনো না হারানোর আক্ষেপটা ঘোচানোর ইচ্ছার কথাও জানিয়েছেন এ অলরাউন্ডার। সাকিবের মতে, সিরিজ নয়, একটা ম্যাচ জিতলেই সেটি হবে বড় অর্জন।

নাটকের পর দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব
ছবি: প্রথম আলো

আফগানিস্তান সিরিজে দলে নিজের উপস্থিতি বোঝাতে সাকিব বলেছিলেন, ‘আফগানিস্তান সিরিজে আমার মনে হয়েছে, আমি একজন “প্যাসেঞ্জার”, যেটা কখনোই থাকতে চাই না। খেলাটা একদমই উপভোগ করতে পারিনি, পুরো সিরিজেই—টি-টোয়েন্টি ও ওয়ানডেতে। চেষ্টা করেছি, কিন্তু হয়নি।’

এবার ‘ড্রাইভার’ হতে চান কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব হেসে বলেছেন, ‘কে না চায়!’ দক্ষিণ আফ্রিকায় গিয়ে নিজের মানসিক অবস্থার উন্নতি হবে বলেও আশা তাঁর, ‘গতকালও যেটা বললাম—অনেক সময় জায়গা পরিবর্তন করলে মানসিকতায়ও পরিবর্তন আসে। আমি ওই আশাটাই করছি। সতীর্থ, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফরা সব সময় আমাকে সমর্থন করেছে। এবারও তারা একই রকম সহায়তা করবে। আমি চেষ্টা করব এটার প্রতিদান দিতে।’

আজ দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব
ফাইল ছবি

দলের সঙ্গে থাকতে পারাটাও স্বস্তির বলে মনে করছেন সাকিব, ‘দলের সঙ্গে থাকা তো সব সময় একটা ভালো ব্যাপার, মজার ব্যাপার। ১৫ বছর ধরে আছি, সামনেও থাকতে পারলে ভালো লাগবে। দলের সঙ্গে থাকাটাই সব সময় একটা আনন্দদায়ক ব্যাপার। আশা করি, সবাই মিলে ভালো একটা ফলাফল আনতে পারব।’

আগামীকাল থেকেই অনুশীলন শুরু করবেন, এমন জানিয়েছেন সাকিব। জানিয়েছেন ওয়ানডে নিয়ে নিজের প্রত্যাশার কথাও, ‘প্রত্যাশা থাকবে যেন জিততে পারি। সিরিজ জিততে পারলে খুবই ভালো। একটা ম্যাচ জিততে পারলেও আমি মনে করি খুব ভালো অর্জন হবে। আমার ধারণা, পুরো দলেরই একই রকম লক্ষ্য থাকবে এবং সেভাবেই আমরা প্রস্তুতি নেব।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জটা সহজ নয়, সাকিব মনে করিয়েছেন সেটি
ছবি: প্রথম আলো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জটা সহজ নয়, সাকিব মনে করিয়েছেন সেটিও, ‘ভারতের সঙ্গে সর্বশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকা খুবই ভালো খেলেছে। তিনটি ম্যাচই (ওয়ানডে) তারা জিতেছে। আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। আমাদের বোলিং বিভাগকে অনেক ভালো করতে হবে। দেশে আমরা ভালো বোলিং করি, কিন্তু বাইরের সিরিজগুলোতে অনেক সংগ্রাম করতে হয়। শুধু স্পিনার নয়, ফাস্ট বোলারদের জন্যও চ্যালেঞ্জিং।’

সাফল্য পেতে দলীয় প্রচেষ্টা প্রয়োজন, সাকিব বলেছেন সেটিও, ‘ওয়ানডেতে নতুন বলে বোলাররা যদি উইকেট নিতে না পারে, স্পিনারদের জন্য আরও কঠিন হয়ে যাবে। একজন আরেকজনকে সাহায্য করতে পারলে ভালো ফলাফল সম্ভব। এখানে অনেক বেশি উন্নতির জায়গা আছে। একই সঙ্গে ব্যাটিংও ভালো করতে হবে। বড় মাঠে ফিল্ডিংও অনেক সময় বাজে হয়। ওদের সঙ্গে ভালো করতে হলে তিন বিভাগেই অনেক ভালো করতে হবে।’