প্রচণ্ড গরমে স্থগিত অস্ট্রেলিয়ান ওপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শুরু থেকেই তীব্র দাবদাহে নাকাল হতে হয়েছে খেলোয়াড়দের। প্রচণ্ড গরমের মধ্যে খেলতে গিয়ে আয়োজকদের সমালোচনাও করেছিলেন কেউ কেউ। দাবি জানিয়েছিলেন খেলা বন্ধ করার। অবশেষে আজ অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ দিনে খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। আবহাওয়া খেলার উপযোগী হওয়ার আগ পর্যন্ত মেলবোর্ন পার্কের দুটি কোর্ট ছাড়া বাকি সব কয়টি কোর্টেই বন্ধ থাকবে অস্ট্রেলিয়ান ওপেনের লড়াই।

গতকাল বুধবার মেলবোর্নের তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ অস্ট্রেলিয়ার সময় বেলা ১১টাতেই তাপমাত্রা উঠে গেছে ৩৮ ডিগ্রি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এটা চলে যেতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই পরিস্থিতিতে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আয়োজকদের। গত তিন দিন খেলা চালিয়ে যাওয়ার জন্যও বেশ ভালো সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।

প্রচণ্ড গরমের কারণে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম তিন দিনেই সরে দাঁড়িয়েছেন ১০ জন খেলোয়াড়। আজ দ্বিতীয় রাউন্ডের খেলায় জয় পেলেও দাবদাহের তীব্রতাটা হাড়ে হাড়ে টের পেয়েছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। কিছুক্ষণ পরপরই মাথায় বরফ চেপে বসে থাকতে হয়েছে খেলোয়াড়দের। আরেক রাশিয়ান তারকা এলেনা ভেসনিনা নিজের টুইটারে লিখেছিলেন, ‘এই গরমে খেলাটা অসম্ভব। টেনিসের সৌন্দর্যের কথা ভুলে যান। এটা এখন জীবন-মরণের প্রশ্ন।’

খেলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্তটাকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়া প্রায় সব তারকাই। সিদ্ধান্তটা শোনার পরপরই বেলজিয়ান খেলোয়াড় কারস্টেন ফ্লিপকিন টুইটারে লিখেছেন, ‘অবশেষে!!! গরমের কারণে খেলা বন্ধ করা হলো। এ কাজটা দুই দিন আগেই করা উচিত ছিল।’

তবে মেলবোর্ন পার্কের দুটি কোর্টে খেলা অব্যাহত থাকবে। রোড লেভার এরেনা ও হিসেনসে এরেনাতে খেলা চালানো হবে কৃত্রিম ছাদ স্থাপনের মাধ্যমে।— রয়টার্স