প্রচলিত আইনেই গ্ল্যাডিয়েটরস মালিকদের শাস্তি সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলে ম্যাচ পাতানোর দায় স্বীকার করেছেন মোহাম্মদ আশরাফুল। আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) কাছে দেওয়া স্বীকারোক্তিতে নিজের অপরাধের নেপথ্য নির্দেশদাতা হিসেবে ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিকদের কথাও উল্লেখ করেছেন তিনি। দায় স্বীকারের কারণে আশরাফুল সাময়িকভাবে ক্রিকেট থেকেও নিষিদ্ধ হয়েছেন। এই অপরাধের নির্দেশদাতা হিসেবে আশরাফুল যাঁদের নাম উল্লেখ করেছেন, সেই ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিকপক্ষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কী ব্যবস্থা নেওয়া যাবে—এ নিয়ে অন্ধকারে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডই। গত পরশু অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান যদিও জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি মালিকেরা দোষী প্রমাণিত হলে ‘কঠোর’ শাস্তি দেওয়া হবে, তার পরও মালিকপক্ষের শাস্তির বিষয়ে সন্দিহান অনেকেই। অনেকেই বলছেন, বিপিএলের দলগুলোর সঙ্গে প্রথম আসরে বিসিবির কোনো চুক্তি ছিল না। দ্বিতীয় আসরে একটি চুক্তি হলেও সে চুক্তিতে কী আছে, সেটা কেউ জানে না। সে ক্ষেত্রে, চুক্তির দুর্বল কোনো ধারার ফাঁক গলে ম্যাচ পাতানোর মতো অপরাধে জড়িত থাকলেও ফ্র্যাঞ্চাইজি মালিকেরা পার পেয়ে যেতে পারেন। তবে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিশিষ্ট আইনজীবী আনিসুল হক প্রথম আলো ডটকমকে বলেন, বাংলাদেশের দণ্ডবিধির ১২০(ক) এবং (খ) ধারা অনুযায়ীই দোষী ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তিনি বলেন, এই ধারা দুটি অনুযায়ী একাধিক ব্যক্তি যদি কোনো বেআইনি কাজ করার জন্য কিংবা তাঁরা যদি কোনো বৈধ কাজ অবৈধ পন্থায় করার ব্যাপারে একমত হন, তাহলে তাঁরাও ষড়ষন্ত্রের অভিযোগে অভিযুক্ত হবেন।আনিসুল হকের মতে, ক্রিকেটে ম্যাচ পাতানোও একটি অবৈধ কাজ। এই কাজটি করতে যাঁরা একে অন্যকে উদ্বুদ্ধ করেছেন, তাঁরাও ষড়যন্ত্রের অপরাধে অপরাধী। সে ক্ষেত্রে, কারও নির্দেশমতে যদি ম্যাচ পাতানো হয়ে থাকে, তবে তাঁকে দণ্ডবিধির এই ধারায় আইনের আওতায় আনা যেতে পারে। আশরাফুল যদি ম্যাচ পাতানোয় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে সাময়িকভাবে নিষিদ্ধ হতে পারেন, সে ক্ষেত্রে, ম্যাচ পাতানোর নির্দেশদাতা হিসেবে নাম আসা ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিকপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তিনি বলেন, ‘ম্যাচ পাতানো যদি একটি প্রতারণা হয়ে থাকে, তাহলে আমাদের আইনে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ অবশ্যই আছে।’ তিনি ভারতের উদাহরণ টেনে বলেন, ‘সম্প্রতি আইপিএলের ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে চেন্নাই সুপার কিংসের শীর্ষ কর্মকর্তা গুরুনাথ মায়াপ্পানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজকুন্দ্রার পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাই আমাদের বিপিএলে অপরাধের অভিযোগে অভিযুক্ত মালিকদের বিরুদ্ধে তো ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত।’বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন অবশ্য সন্দিহান, অভিযোগ প্রমাণিত হলেও ফৌজদারি আইনে ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে কি না। তিনি বলেন, ‘এদের বিরুদ্ধে মামলা তো করাই উচিত। কিন্তু মামলাটি দিয়ে শেষ পর্যন্ত এদের অপরাধ প্রমাণ করা যাবে কি না, আমি জানি না। তবে চাইব, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।’মোবাশ্বের বলেন, ‘আমি একটি ব্যাপারে আশরাফুলকে স্যালুট করি। সে অপরাধ করেছে, অপরাধ স্বীকারও করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় অপরাধ করে, অপরাধ স্বীকার করা ও ক্ষমা প্রার্থনার কোনো নজির আছে কি না, তা আমার জানা নেই। তাই আশরাফুলের প্রতি আমাদের একটু হলেও সহানুভূতিশীল হতে হবে। মানছি, আশরাফুল অপরাধ করেছে। এ জন্য তাঁকে শাস্তি পেতে হবে। কিন্তু, যারা আশরাফুলকে অপরাধে প্রলুব্ধ করল, তারা ধরাছোঁয়ার বাইরে থাকবে—এ হতে পারে না।’ সবার দাবি একসূত্রে মিললেও ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরী আপাতত আছেন ধরাছোঁয়ার বাইরেই। আজ বৃহস্পতিবার প্রথম আলোর ক্রীড়া পাতায় প্রকাশিত সংবাদ অনুযায়ী তাঁর বর্তমান অবস্থান সুদূর বেলজিয়াম। বিদেশে থাকার কারণে আইসিসির দুর্নীতি দমন বিভাগ তাঁকে জিজ্ঞাসাবাদও করতে পারেনি বলে জানা গেছে। তাঁর ছেলে শিহাব চৌধুরী অবশ্য ‘প্রথম আলো’র সঙ্গে আলাপকালে বলেছেন, ‘কোনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কী শাস্তি হতে পারে, সেটা আমার জানা নেই। চুক্তিতে কী আছে, তা-ও জানি না। যতক্ষণ না আমাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা দেখার প্রয়োজন মনে করছি না।’