প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ফেদেরার
পেশাদার ক্যারিয়ারের তৃতীয় দশকে পা দিয়েছেন রজার ফেদেরার। খেলতে (এবারের উইম্বলডন) নেমেছেন টানা ৪৭তম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। স্বাভাবিকভাবেই কোর্টে সুইস মাস্টার প্রজন্মান্তরের প্রতিনিধি। ১৯৯৯ সালে যখন পেশাদার টেনিসে অভিষেক, টেনিসে তখন পিট সাম্প্রাস, আন্দ্রে আগাসি, টিম হেনম্যান, রিচার্ড ক্রাইচেক, গোরান ইভানিসেভিচদের যুগ।১২ বছর পেরিয়ে এসে ফেদেরার এখন আরেক প্রজন্মের প্রতিনিধিদের মুখোমুখি। রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার দৃঢ়কণ্ঠে জানাচ্ছেন, আগের মতো অনুপ্রেরণা নিয়েই নতুন প্রজন্মের তারকাদের সঙ্গে খেলতে নামেন। তেমন অনুপ্রাণিত যে বোধ করেন, সেটা পারফরম্যান্সেই স্পষ্ট। ২৯ বছর বয়সী এই সুইসের মিইয়ে যাওয়ার কোনো লক্ষণ নেই। নিজের অনুভূতিটা প্রকাশ করেছেন ফেদেরার এভাবে, ‘আমার চারপাশে সব তরুণ খেলোয়াড়। এই নতুন প্রজন্মের খেলোয়াড়দের বিপক্ষে আমি খেলতে ভালোবাসি।’শুরুতে সাম্প্রাস, আগাসি, হেনম্যানের মতো তারকাদের পেয়েছেন। সময়ের পরিবর্তনে এখন তাঁর সঙ্গে কোর্ট মাতাচ্ছেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচদের মতো খেলোয়াড়েরা। এ সময়টাকে টেনিসের জন্য দারুণ ফলবান মনে হয় তাঁর কাছে, ‘আমি মনে করি, এটা টেনিসের দারুণ সময়। আমি যখন আসি, সেটাও ছিল চমৎকার সময়। পিট (সাম্প্রাস), আন্দ্রে (আগাসি), (টিম) হেনম্যান, (রিচার্ড) ক্রাইচেক, (গোরান) ইভানিসেভিচরা ছিল। সময় বদলেছে এবং এখন আপনাকে খেলতে হচ্ছে অন্যদের সঙ্গে। নিজেকেও কিছুটা বদলাতে হয়েছে। কিন্তু আমি সত্যিই এটা উপভোগ করি। আমি এই খেলোয়াড়দের সঙ্গে খেলতে ভালোবাসি এবং সত্যি আমি কতটা ভালো সেটি প্রমাণেরও একটি চেষ্টা থাকে।’ফেদেরারের উইম্বলডন ক্যারিয়ারের শুরুটা মোটেও বড় কিছুর ইঙ্গিত দেয়নি। ১৯৯৯ ও ২০০০—প্রথম দুটি আসরেই বিদায় নেন প্রথম রাউন্ড থেকে। অবশেষে ২০০১ সালে চতুর্থ রাউন্ডে পিট সাম্প্রাসকে হারিয়েই যেন ঘোষণা দেন, ‘আমি আসছি।’ সেই ফেদেরারই এবার নিজের ১৩তম উইম্বলডনে খেলতে নেমেছেন পিট সাম্প্রাসের সাত শিরোপার রেকর্ড ছোঁয়ার তাড়না নিয়ে। শুরুটাও হয়েছে আশা-জাগানিয়া। কাজাখস্তানের মিখাইল কুকুশকিনকে হারিয়েছেন ৭-৬ (৭-২), ৬-৪, ৬-২ গেমে। এএফপি।