
প্রজাপতির মতো উড়ো, হুল ফোটাও মৌমাছির মতো! কথাটা এত বিখ্যাত হয়ে গেছে, এখন আর বলে দিতে হয় না যে, এটা মোহাম্মদ আলীকে নিয়ে বলা। তাঁর ট্রেনার ডিউ ব্রাউন নাকি প্রথমে বলেছিলেন, পরে আলী এটি এমনভাবে আত্মস্থ করেছেন এবং এতবার বলেছেন যে, তাঁর নিজেরই কথা হয়ে গেছে। বক্সিং রিংয়ে প্রতিপক্ষের সামনে আলীকে দেখেও যেন এটাই মনে হতো। উড়ছেন প্রজাপতির মতো, হুল ফোটাচ্ছেন মৌমাছির মতো। কী অসাধারণ উপমা! শিল্পী না হলে কাউকে নিয়ে এমন উপমা তৈরি হয়!
বক্সিং ও শিল্প শব্দ দুটি পাশাপাশি শুনলে বৈপরীত্যটা কানে বাজে একটু। এমন ভয়ংকর একটি খেলা কী করে শিল্প হয়! এ তো স্রেফ মারামারি। বক্সিং নিয়ে একটা দীর্ঘ সময় বেশির ভাগ মানুষের ধারণা কিন্তু তা-ই ছিল। তারপর ক্যাসিয়াস ক্লে (পরবর্তী সময়ে নাম বদলে মোহাম্মদ আলী) এলেন এবং বদলে দিলেন সেই ধারণাটা। মারামারির খেলাটাকে নিয়ে গেলেন শিল্পের পর্যায়ে। আর তিনি নিজে হয়ে গেলেন সেই খেলাটার সবচেয়ে বড় শিল্পী। যাঁকে দেখে মুগ্ধ না হয়ে উপায় ছিল না।
সেই মুগ্ধতা এতটাই যে রিংয়ে তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বীও রিংয়ের বাইরে হয়ে উঠেছিলেন তাঁর সবচেয়ে বড় গুণমুগ্ধ। নইলে কি আর পরশু তাঁর মৃত্যুসংবাদ শুনে স্তব্ধ হয়ে পড়েন জর্জ ফোরম্যান! জীবনের একটা বড় অংশ যিনি আলীর সঙ্গে রিংয়ে লড়ে কাটিয়েছেন, অলিম্পিক সোনাজয়ী ও দুবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন সেই ফোরম্যান টুইট করেছেন, ‘আলী, ফ্রেজিয়ার ও ফোরম্যান, আমরা সবাই একই সত্তা ছিলাম। আমার একটা অংশ আজ খসে গেল। সবচেয়ে বড় অংশ!’
আলীর আরেক বড় প্রতিপক্ষ, সম্ভবত সবচেয়ে বড়, জো ফ্রেজিয়ার না-ফেরার দেশে চলে গেছেন বছর পাঁচেক আগেই। নইলে তিনিও কি একই কথা বলতেন না! ২০১১ সালের নভেম্বরে ফ্রেজিয়ারের শেষকৃত্যে খুব অল্প যে কয়েকজন পারিবারিক বন্ধু উপস্থিত ছিলেন, আলীও ছিলেন তাঁদের একজন।
কিংবদন্তি আলীর মৃত্যুসংবাদটা সবচেয়ে বেশি নাড়া দিয়েছেন বক্সিং বিশ্বেই। যুক্তরাষ্ট্রের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মাইক টাইসন যেমন টুইটারে লিখেছেন, ‘ঈশ্বর আজ তাঁর চ্যাম্পিয়নকে নিয়ে যেতে এলেন। চিরবিদায় কিংবদন্তি।’
সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ইভান্ডার হলিফিল্ড লিখেছেন, ‘আমি খুশি যে মোহাম্মদ আলীকে দেখেছি। যখন ছোট ছিলাম, আট বছর বয়স ছিল, সবাই বলত, আমি আলীর মতো হব।’ আলীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এভাবে, ‘চাপটা নিজের দিকে টেনে নিয়ে “আমিই সবার সেরা” বলে ফেলা খুব কঠিন কাজ। এতে আপনি নিজেকে এমন এক জায়গায় নিয়ে আসেন, যেখানে মানুষ সহজেই আপনার দিকে আঙুল তুলতে পারে। কিন্তু মোহাম্মদ আলী এটাই করতেন। তিনবার হেভিওয়েটে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন তিনি, কী দুর্দান্ত অর্জন!’
ফিলিপাইনের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ম্যানি প্যাকিয়াও টুইট করেছেন, ‘আজ আমরা একজন কিংবদন্তিকে হারালাম। বক্সিং মোহাম্মদ আলীর প্রতিভা থেকে উপকৃত হয়েছে। তবে তার চেয়েও বেশি তাঁর মনুষ্যত্ববোধ থেকে উপকৃত হয়েছে মানবতা।’
আসলেই তো। শুধুই একজন বক্সার থেকে আলী যে ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়াব্যক্তিত্ব হয়ে উঠেছেন, সেটা তো তাঁর মানবতার গুণেও। নৈতিক কারণে ভিয়েতনাম যুদ্ধের যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সে জন্য তাঁর পদক কেড়ে নেওয়া হয়েছে। তিন বছর বক্সিং রিংয়ে নামতে পারেননি, জেলেও যেতে পারতেন। কিন্তু আলী মাথা নোয়াননি কখনো। তাঁর মৃত্যুর পর ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন বিবৃতিতেও আলীর সেই মানবিক বোধের জয়গান, ‘বক্সিং কিংবদন্তি, যিনি সমাজের সঙ্গেও লড়েছেন। সব সময় তাঁর আদর্শের জন্য লড়েছেন। পুরো বিশ্ব আজ এমন একজন মানুষের মৃত্যুর জন্য শোক পালন করবে, যিনি লড়েছেন আরও ভালো সমাজ গড়ার জন্য।’
এ ভালোবাসা আর সম্মান শুধুই বক্সিং বিশ্ব, অ্যাথলেট কিংবা তারকাদের কাছ থেকে এসেছে, এমন নয়। একেবারে সাধারণ ক্রীড়াপ্রেমীদের মনেও তিনি আলাদা জায়গা করে রেখেছেন সব সময়ের জন্য। তাঁর অন্য ভুবনে চলে যাওয়ার খবরে তাই তাঁদের অনেকেই টুইট করেছেন, প্রজাপতি আর উড়বে না, হুল ফোটাবে না মৌমাছি।
আসলেই তো, আলী যে এখন চিরনিদ্রায়!

জর্জ ফোরম্যান
কিংবদন্তি বক্সার ও আলীর প্রতিদ্বন্দ্বী
আলী, ফ্রেজিয়ার ও ফোরম্যান, আমরা একই সত্তা ছিলাম। আমার একটা অংশ আজ খসে গেল। সবচেয়ে বড় অংশ!
পেলে

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার
তিনি আমার বন্ধু ছিলেন। আমার আদর্শ, আমার নায়ক। এত বছরের বন্ধুত্ব, কত স্মৃতি! এই শোক অপরিমেয়।

শচীন টেন্ডুলকার
সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান
আমার ছোটবেলার নায়ক। খুব ইচ্ছে ছিল একদিন আপনার সঙ্গে দেখা করব। আর সে সুযোগই আসবে না। শান্তিতে থাকুন!