প্রজ্ঞা পারমিতাদের টিটি জয়
গল্পটা প্রজ্ঞা পারমিতার একার নয়। ফারহানা তানজিয়া, নীপা বোসদের সবাই একই রকম—কেউ শারীরিক, কেউ মানসিক প্রতিবন্ধী। ঢাকা মহানগর স্কুল টেবিল টেনিস টুর্নামেন্টে এদের মতোই ৩০ জন খেলোয়াড় খেলছে
অজন্তা সাহা পেশায় চিকিৎসক। শিশুবিশেষজ্ঞ হলেও নিজের শিশুটিকে জন্মের পর থেকে ঠিকমতো বুঝতে পারতেন না। মেয়ে প্রজ্ঞা পারমিতার ওজন স্বাভাবিক ছিল না ভূমিষ্ঠ হওয়ার সময়। সাধারণত জন্মের ছয় সপ্তাহের মধ্যে শিশু হাসতে শেখে, কথা বললে হাসে। সেসবের কিছুই করত না ছোট্ট প্রজ্ঞা। এমনকি তিন মাস বয়সে ঘাড়টাও সোজা হতো না। অনেক পরে অজন্তা বুঝতে পারেন, আর আট-দশটা সাধারণ শিশুর মতো নয় তাঁর মেয়ে। প্রতিবন্ধী মেয়েটিকে নিয়ে পড়েন মহা দুশ্চিন্তায়। অথচ এই মেয়েই এখন তাঁর মুখে হাসি ফোটাচ্ছে টেবিল টেনিস খেলে।
গল্পটা প্রজ্ঞা পারমিতার একার নয়। ফারহানা তানজিয়া, নীপা বোসদের সবাই একই রকম—কেউ শারীরিক, কেউ মানসিক প্রতিবন্ধী। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে ঢাকা মহানগর স্কুল টেবিল টেনিস টুর্নামেন্টে এদের মতোই ৩০ জন খেলোয়াড় খেলছে। শুধু খেলছেই না, সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে ম্যাচও জিতছে সমানতালে।
কাল বালিকা এককের প্রথম রাউন্ডেই যেমন সুইড বাংলাদেশের প্রজ্ঞা ৩-২ গেমে হারিয়ে দিয়েছে সানিডেইলের রামিসা সাদাফকে। মেয়ের সাফল্যের খবর শুনে হাসপাতালে থাকতে পারেননি অজন্তা। ছুটে চলে আসেন জিমনেসিয়ামে। মেয়েকে কাছে বসিয়ে নুডলস খাওয়ালেন। মেয়ের সাফল্যের কথা বলতে গিয়ে বারবার চোখে জল এসে যাচ্ছিল অজন্তার, ‘আমি তো প্রথমে ভেবেছিলাম আমার মেয়ে খেলতেই পারবে না। তবে এটা ভেবে সান্ত্বনা পাচ্ছিলাম যে অন্তত এখানে এসে আনন্দ পাবে। কিন্তু এসে দেখি ও স্বাভাবিক এক খেলোয়াড়কে হারিয়ে দিয়েছে।’ বাসায় টেবিল কিনে দেওয়া হয়েছে প্রজ্ঞাকে। সেখানেই বড় ভাইয়ের সঙ্গে প্রতিদিন অনুশীলন করে সে।
প্রজ্ঞা আবার নৃত্যশিল্পীও। গত বছর ভুবনেশ্বরে গিয়ে আন্তর্জাতিক শিশু উৎসবে জিতেছে রুপার পদক। সেখানেও মেয়ের সাফল্যের খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি অজন্তা, ‘ওরা বলেছিল তিনজনকে পুরস্কার দেবে। পরে পাঁচজনকে দেয়। পঞ্চম, চতুর্থ, তৃতীয় প্রতিযোগীর নাম ঘোষণার পর ভেবেছিলাম ও কিছু পাবে না। আমাদের অবাক করে দিয়ে মাইকে আমার মেয়ের নাম ডাকল। আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম।’
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক গেমসে যাওয়ার ট্রায়ালে বাদ পড়েছিল প্রজ্ঞা। তবে ওরই সহপাঠী নীপা বোস ও ফারহানা অস্ট্রেলিয়ায় গিয়ে সবাইকে চমকে দিয়ে জেতে সোনা ও রুপা। কাল অবশ্য এ দুজন প্রথম রাউন্ডেই হেরে গেছে। তবে হারলেও মন খারাপ করেনি তারা। নীপার মা ইলা বোস ফেডারেশনকে ধন্যবাদ দিলেন প্রতিবন্ধী খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার জন্য, ‘এর আগে কেউ আমাদের এখানে খেলতে ডাকেনি। ফেডারেশনকে ধন্যবাদ যে আমাদের মেয়েরা এখানে খেলতে পারছে। ওরা এখানে এসে খুবই খুশি। অন্যদের সঙ্গে অনেক মজা করেছে।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লিনু এই মেয়েদের মধ্যেও দেখছেন উজ্জ্বল ভবিষ্যৎ, ‘আমি প্রথমে চিন্তা করি একটা স্কুল টুর্নামেন্ট করব, যেখানে স্বাভাবিক খেলোয়াড়দের সঙ্গে প্রতিবন্ধীরাও খেলবে। এ জন্য এখানে ওদের বয়স বিবেচনায় নিইনি। ওদের মানসিক শক্তি দেখে আমি অবাক। ওরা যেন নিজেদের আমাদের মতোই স্বাভাবিক মানুষ ভাবে। ওদের কখনোই অবজ্ঞা করিনি, করব না। ওরাও একদিন খুব ভালো করবে।’
প্রতিবন্ধী হয়েও এদের জয় করার ইচ্ছাটা প্রবল। এটাই যে প্রজ্ঞাদের প্রতিদিন নতুন করে চেনায় এই পৃথিবীকে।