প্রজ্ঞাপনের অপেক্ষায় হকির নতুন কমিটি
মোহামেডান জোট নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় সবকিছুই হয়ে পড়েছে আনুষ্ঠানিকতা। পরশু সেই আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। হকি ফেডারেশনের নির্বাচনে আবদুস সাদেক-রহমতউল্লাহ পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনার হাইয়ুল কাইয়ুম বলেছেন, ২৭ জুন নির্বাচনের তারিখ থাকায় এখনই চূড়ান্ত ঘোষণা দেওয়া যাবে না। ২৮ জুন সেটি দেওয়া হতে পারে।এই নির্বাচনে সহসভাপতি হয়েছেন আবদুস সাদেক, মীর্জা ফরিদ আহমেদ, সাব্বির ইউসুফ, আবদুর রশিদ, সৈয়দ মোশতাক আলী। সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। দুই যুগ্ম সম্পাদক আনভীর আদিল ও ইউসুফ আলী। নবনির্বাচিত কমিটি সরকারি প্রজ্ঞাপনের অপেক্ষায় আছে। সহসভাপতি আবদুর রশিদ কাল জানিয়েছেন, ‘প্রজ্ঞাপন পেলে এই কমিটি সভায় বসে কাজ শুরু করবে। এখন সেই প্রজ্ঞাপনেরই অপেক্ষা।’তবে নতুন কমিটির অধীনে মোহামেডানের নেতৃত্বে ছয়টি দল হকির কোনো কার্যক্রমে যাবে না বলে দিয়েছে। এ অবস্থায় সংকট সমাধানে কোনো উদ্যোগ চলছে কিনা জানতে চাইলে রশিদ বলেন, ‘এখন তো কমিটি হয়ে গেছে। কিছু করার নেই। তবে এনএসসির কোটায় দুজন সদস্য নেওয়া যাবে। দেখা যাক এসব নিয়ে আলাপ-আলোচনা করে একটা পথ বের করতে হবে।’ তবে ঘটনা যা, তাতে শিগগিরই সংকট কেটে যাওয়ার লক্ষণ নেই। ২-৪ জুলাই দলবলের সময়সূচি ঠিক করা আছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলবদল নিয়ে কোনো আলোচনাই নেই। যদিও মোহামেডান বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে অনেক আগেই কথা বলে রেখেছে। কিন্তু মোহামেডান দলবদলে অংশ নেবে না বলে জানিয়েছে।