প্রতারক থেকে সাবধান!

চর্মচক্ষু দিয়ে বিশ্বকাপ দেখবেন বলে অনেক কাঠখড় পুড়িয়ে হাতে পেয়েছেন বহু কাঙ্ক্ষিত টিকিট। কিন্তু গোল বাধল ম্যাচের আগে, যখন দেখলেন আপনার টিকিটে কাজ হচ্ছে না। কর্তৃপক্ষ চোখ পাকিয়ে জানাল, ‘আপনার টিকিট ভুয়া!’ তখন কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না। এ কারণে ফিফা সতর্কবাণী দিয়েছে, ভার্চুয়াল কিংবা সরাসরি কোনো অবৈধ, অননুমোদিত, নিষিদ্ধ প্রতিষ্ঠান থেকে টিকিট কিনবেন না।
ফিফা বিশ্বকাপের টিকিট নিয়ে প্রতারণার বিষয়টি তদারকির দায়িত্ব দিয়েছে জুরিখভিত্তিক প্রতিষ্ঠান ‘ম্যাচ’কে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে কালোবাজারে টিকিট বিক্রির প্রমাণ পেয়েছে। ম্যাচের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘উচ্চমূল্যে জাল টিকিট কেনা এবার অন্যতম ঝুঁকি। সমর্থকেরা যখন অবৈধ, অননুমোদিত, নিষিদ্ধ প্রতিষ্ঠান থেকে টিকিট কিনবেন, তখন তাকে উচ্চদাম দিতে হবে এবং সেটি বাতিলও হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাছে অনেকে সমর্থক অভিযোগ করে জানিয়েছেন, তাঁদের দুই থেকে তিনবার ফিফা নির্ধারিত দাম পরিশোধ করতে হয়েছে।’
শঙ্কার খবর হচ্ছে, এরই মধ্যে বিশ্বজুড়ে ১৫০-১৭০ ওয়েবসাইট চিহ্নিত করেছে ম্যাচ, যারা অননুমোদিত, অবৈধ টিকিট বিক্রির সঙ্গে জড়িত। স্পেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, চীন, হল্যান্ড, ব্রাজিল, যুক্তরাজ্য ও কলম্বিয়ায় এসব ওয়েবসাইটের খোঁজ মিলেছে। ফলে এসব দেশের সমর্থকদের বেশি প্রতারণার শিকার হওয়ার শঙ্কা রয়েছে। এএফপি।