প্রতারকদের জন্য সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোমটার আড়ালে উঁকি দিচ্ছে কাঁচাপাকা চুল। চোখে অশ্রু। অঝোর ধারায় কাঁদছেন মোহাম্মদ আমিরের মা। টিভি আর পত্রপত্রিকার সৌজন্যে এই ছবি ছড়িয়ে পড়েছে ক্রিকেট-বিশ্বে। দেখে যে কারোরই খারাপ লাগার কথা। খারাপ লাগছেও। অনেকেই সহমর্মিতা জানাচ্ছেন। কিন্তু তাই বলে এই শাস্তি যে প্রাপ্য ছিল, সেটাও বলছেন অনেকে।ম্যাচ পাতানোর অভিযোগে এর আগেও বেশ কয়েকজন ক্রিকেটার শাস্তি পেয়েছেন। এঁদের মধ্যে মোহাম্মদ আজহারউদ্দিন, সেলিম মালিক, হানসি ক্রনিয়ের মতো তারকারাও আছেন। কিন্তু তাঁদের শাস্তিটা ছিল ক্রিকেটকেন্দ্রিক। কিন্তু এই প্রথম পাতানো খেলার অভিযোগে জেল হলো ক্রিকেটারদের। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে পাকিস্তানের তিন ক্রিকেটার আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাটের। জেল হয়েছে বাজিকর মাজহার মজিদেরও।স্বাভাবিকভাবেই ক্রিকেট-বিশ্বে এ নিয়ে আলোড়ন। অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। সবার প্রতিক্রিয়ার মোদ্দা কথা, শাস্তিটা জরুরি ছিল। এই শাস্তি বাকি সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। এরপর টাকার লোভে দুর্নীতির সঙ্গে জড়াতে গিয়ে হাজারবার ভাববেন ক্রিকেটাররা।লন্ডনের আদালতের রায়কে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা। ফিকার প্রধান টিম মে বলেছেন, ‘এই ক্রিকেটারদের জেলে থাকার উদাহরণটি তাদের জন্য একটা সতর্কবার্তা যারা ক্রিকেট থেকে অবৈধভাবে আয় করতে চায়।’তিন ক্রিকেটারের প্রতি সমবেদনা জানিয়েছেন মে। তবে এও বলেছেন, ‘বিচারপ্রক্রিয়ায় আমরা সন্তুষ্ট। সব ধরনের খেলোয়াড়দের জন্যই এটি একটি জোরালো ও স্পষ্ট সতর্কবার্তা—খেলার সততার সঙ্গে আপস করলে বিচারের মুখোমুখি হতে হবে, পেতে হবে শাস্তি।’ এই উদাহরণ থেকে শিক্ষা নিয়ে আইসিসি এবং খেলোয়াড়দের ক্রিকেট থেকে দুর্নীতির শিকড় উপড়ে ফেলার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন মে।সবাই যে সমবেদনাই জানাচ্ছেন, এমনও নয়। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যেমন স্পষ্ট বলে দিলেন কোনো সহমর্মিতা এঁদের প্রাপ্য নয়, ‘নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সময় এর চেয়ে খারাপ কিছু আপনি আর কী করতে পারেন!’ক্রিকেট লেখক পিটার রোবাক মনে করছেন, এই রায়ের ফলে শেষ পর্যন্ত উপকৃত হবে ক্রিকেটই, ‘সাউথওয়ার্ক ক্রাউন আদালতে যা হলো, এবং এরপর যে শাস্তি দেওয়া হলো সেটা ক্রিকেটের দুর্নীতি দূর করতে সাহায্য করবে। যারা দুর্নীতি করতে চায়, তারা হয়তো সাময়িক নিষেধাজ্ঞাকে তেমন ভয় পায় না। তবে কারাগারের ভেতর থাকাটা নিশ্চয়ই তাদের ভয় পাইয়ে দেবে।’এই রায়কে স্বাগত জানিয়েছে আইসিসিও। তবে কেউ কেউ আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন। এত এত টাকা ঢেলেও আকসু কতটা কার্যকরভাবে কাজ করছে এ নিয়ে কেউ কেউ সন্দিহান। তবে জনপ্রিয় ভাষ্যকার হার্শা ভোগলে বলেছেন, ‘আইসিসির সমালোচনা করা সহজ। তবে মনে রাখতে হবে খেলোয়াড়দের জেলে পাঠানোর কিংবা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর মতো কার্যক্রম চালানোর ক্ষমতা আইসিসির নেই।’পাকিস্তানের বেশির ভাগ সাধারণ মানুষ কিন্তু এই তিন ক্রিকেটারের শাস্তির পক্ষেই। দেশটির সংবাদমাধ্যমও স্বাগত জানিয়েছে আদালতের রায়কে। দেশটির শীর্ষস্থানীয় দৈনিক দ্য নিউজ লিখেছে, ‘প্রতারক আর চোরদের কোনো ছাড় দেওয়া ঠিক নয়। মাঠ নয়, কারাগারই তাদের উপযুক্ত স্থান। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।