প্রতারণা করিনি, দাবি দক্ষিণ আফ্রিকার

‘বিগ থ্রি’র সংস্কার প্রস্তাব সবার আগে বিরোধিতা করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। শেষমেশ তারাই কিনা ভিড়েছে ক্ষমতাশালীদের দলে! শেষ মুহূর্তে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের এই ‘ডিগবাজি’তে ভীষণ ক্ষোভ প্রকাশ করেছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ‘প্রতারণা’ করেছে বলে মন্তব্যও করেছিলেন পিসিবির তখনকার সভাপতি জাকা আশরাফ। তবে সিএসএ সভাপতি ক্রিস নেনজানি জানিয়েছেন, তাঁরা মোটেও প্রতারণা করেননি।
নেনজানি স্বীকার করেন, আইসিসির সব ক্ষমতা ‘বিগ্র থ্রি’-র কাছে যাওয়া ‘আদর্শ’ কিছু হলো না। প্রবল প্রতিবাদ-বিরোধিতার পরও শেষ পর্যন্ত থামানো যায়নি আইসিসির আমূল পরিবর্তন। ‘বিগ থ্রি’র সংস্কার প্রস্তাব ঠিকই পাস হয়েছে সিঙ্গাপুরের বৈঠকে। পাকিস্তান আর শ্রীলঙ্কা বাদে শেষ পর্যন্ত সবাইকে নিজেদের পক্ষে নিয়েছে ক্রিকেট মোড়লেরা।
নেনজানির দাবি, শেষ মুহূর্তে অবস্থান বদলাননি তাঁরা। বরং তাঁরা যে আগের অবস্থান থেকে সরে যাচ্ছেন, সেটি বৈঠক শুরুর আগেই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে জানানো হয়েছিল। তাঁর বক্তব্য, ‘পিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) আমরা ঝুলিয়ে রাখিনি। সিঙ্গাপুর বৈঠকের আগেই আমরা বসেছিলাম। সেখানেই আমাদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছিল। শেষ মুহূর্তে ভোটে আমরা অবস্থান পাল্টেছি বলে যে ধারণা দেওয়া হচ্ছে, এটি পরিষ্কার করতে চাই।’
তিনি একা কোনো সিদ্ধান্ত নেননি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ীই তাঁকে কাজ করতে হয়েছে বলেও জানিয়েছেন নেনজানি। তবে ঠিক কী কারণে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সদস্যরা আগের অবস্থান পাল্টালেন, সেই ব্যাখ্যা নেনজানির কাছ থেকে পাওয়া যায়নি। রয়টার্স।