প্রতি-আক্রমণই কাল হলো
প্রতি-আক্রমণ এত দ্রুত হতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। যে দল এটা ভালো পারে, ম্যাচ জিততে কষ্ট হয় না তাদের। মিয়ানমার সেটি ভালোই বুঝিয়ে দিল বাংলাদেশকে। ৩২ মিনিটে ২-০, ৪৮ মিনিটে ২-১। শেষ পর্যন্ত এই স্কোরলাইনই রইল। যার অর্থ, টানা সপ্তম ম্যাচ জেতা হলো না বাংলাদেশ দলের। মিয়ানমারের কাছে এই পরাজয় এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের সেমিফাইনালে ওঠা ‘যদি’, ‘কিন্তু’র ওপর ঝুলিয়ে দিল।আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে বাংলাদেশ সেমিতে উঠবে এমন নিশ্চয়তা নেই। গোলগড় নির্ধারক হয়ে দাঁড়াতে পারে। তবে তাজিকিস্তানকে মিয়ানমার হারিয়ে দিলে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হলেই চলবে। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট মিয়ানমারের। তাজিকিস্তান, বাংলাদেশের ৩ পয়েন্ট করে।তাজিকিস্তান-বধের পর বাংলাদেশ মিয়ানমারকেও হারাবে—এমন আশার বসতি ছিল কলম্বোতে। কিন্তু ভয় ছিল, দ্রুতগতির মিয়ানমারকে নিয়ে। সেই ভয়ই সত্যি হলো।শুরু থেকেই দ্রুতগতির প্রতি-আক্রমণ গড়ল মিয়ানমার। বাংলাদেশের রক্ষণ সেগুলো সামাল দিতে হিমশিম খাচ্ছিল। মাঝমাঠে মিয়ানমার অধিনায়ক মিন তুন লম্বা পাস বাড়াচ্ছিলেন বাঁ প্রান্তের উইংগারকে। সেই বল বাংলাদেশ বক্সে আসতেই ডিফেন্ডাররা এলোমেলো।১৭ মিনিটে মাঝমাঠ থেকে একটা থ্রু এল বাংলাদেশ বক্সে। তিনজন ডিফেন্ডারের মাঝ দিয়ে বল নিয়ে ঢুকে পড়লেন স্ট্রাইকার তুন তুন উইন। গোলরক্ষক আমিনুল পোস্ট ছেড়ে বেরোলেন একটু দেরিতে। আমিনুল বক্সের মাথায় আসার আগেই তুন তুনের প্লেসিং, ১-০।দ্বিতীয় গোলের আগের দৃশ্য: পুরো বাংলাদেশ রক্ষণের মাথার ওপর দিয়ে বল তুলে দেওয়া হলো মাঝমাঠ থেকে। আফসাইড ফাঁদ তৈরি করতে গিয়ে বিপদ ডাকল রক্ষণভাগ। সেই ভুল ফাঁদ এড়িয়ে স্ট্রাইকার পাই সো বক্সে ঢুকে সহজে আমিনুলের মাথার ওপর দিয়ে জালে। ২-০!খেলছে বাংলাদেশ, গোল দিল মিয়ানমার—ব্যাপারটা যেন এমনই হলো। বাংলাদেশের রক্ষণ এত এলোমেলো ছিল যে, তার সুযোগ নিতে একবিন্দু ভুল করেননি মিয়ানমারের চতুর ফরোয়ার্ডরা। দুই গোল খেয়ে কমলকে তুলে মাঠে নামানো হলো রাইট উইংগার জাহিদকে। নেমেই জাহিদ মিয়ানমার রক্ষণকে নতুন করে টলিয়ে দিতে শুরু করলেন। মাঝমাঠ থেকে মামুনুলের দেওয়া বল ধরে ঢুকে পড়লেন বক্সে, একজন ডিফেন্ডারকে কাটিয়ে দেখলেন ১: ১ অবস্থা। মিয়ানমার গোলরক্ষক তিহাসিতু পোস্ট ছাড়লে তার পাশ দিয়ে জাহিদ পড়তে পড়তেও বলটা রাখতে পারলেন জালে। ২-১।২-২ হতে পারত কিছুক্ষণ পরই। এনামুল শট নিতে পারলেই গোল, পারলেন না। এই মিসটির কথা আলাদা করে বলারই হয়তো দরকার হতো না, যদি প্রথমার্থে পিছিয়ে না পড়ে উল্টো এগিয়ে যেতে পারত বাংলাদেশ দল। কিন্তু এনামুলের ক্রসে ঠিকমতো পা-ই ছোঁয়াতে পারলেন না এমিলি। টানা আট ম্যাচ তাঁর পায়ে গোল নেই।শাকিলের ক্রস এনামুলের নাগালের বাইরে দিয়ে চলে গেল। এনামুলের শট লাগল প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে, শাকিলের শট ঠেকালেন গোলরক্ষক। দুটি শটই ছিল প্রথম তিন মিনিটে! তবু হার, প্রতি-আক্রমণের জবাব হাতে না থাকলে এমনই হয়!বাংলাদেশ দল: আমিনুল, ওয়ালি, মিন্টু শেখ, রেজাউল, আতিকুর, মামুনুল, শাকিল, কমল (জাহিদ), এনামুল (তৌহিদুল), এমিলি, নাসির।