প্রতি ম্যাচেই উন্নতি করতে চাই: কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারই অংশ নেন নি চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে। বিশ্বকাপ ও আইপিএলে ব্যস্ত সময় কাটানোর পর কিছুদিন বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, জহির খান। তবে তাঁদের অনুপস্থিতিতেও ভারতের শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলেছেন তরুণ ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র টি-টোয়েন্টিটি জেতার পর ওয়ানডে সিরিজ জয়ের পথেও অনেকখানি এগিয়ে গেছে বিশ্বকাপজয়ীরা। গতকাল দ্বিতীয় ওয়ানডেটি জিতে সিরিজে এগিয়ে গেছে ২-০ তে। তবে এই পারফরমেন্স নিয়ে খুব বেশি আত্মতুষ্টিতে ভুগতে চাচ্ছেন না গতকালের ম্যাচসেরা বিরাট কোহলি। প্রতি ম্যাচেই আরও উন্নতি করার দিকেই ভারতের তরুণ ক্রিকেটাররা মনোযোগ দিচ্ছেন বলে জানিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।গতকাল ১০৩ বলে ৮১ রানের চমত্কার এক লড়াকু ইনিংস খেলে ভারতকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছিলেন কোহলি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘তরুণ ভারতীয় ক্রিকেটাররা চাপ সামলে আরও ভালো খেলতে চায়। আমরা প্রতি ম্যাচেই উন্নতি করতে চাই। যতোটা সম্ভব দায়িত্ব নিয়ে খেলতে চাই।’সিনিয়র ব্যাটসম্যানদের অনুসরণ করার চেয়ে নিজের স্টাইলে খেলার দিকেই এখন বেশি জোর দিচ্ছেন কোহলি। তিনি বলেছেন, ‘আমি নিজেকে কখনোই টেন্ডুলকার বা ধোনির সঙ্গে তুলনা করি না। তাঁদেরকে আমি খুবই শ্রদ্ধা করি। কিন্তু আমি আমার নিজের স্টাইলে খেলতে চাই। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচটার কথাই চিন্তা করেন। সেখানে যদি বীরু ভাইকে অনুকরণ করার চেষ্টা করতাম, তাহলে হয়তো আমি ৪০ রানেই আউট হয়ে যেতাম।’ পিটিআই