প্রতিদিন বাড়ছে উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলতে পারেন, ১০ ডিসেম্বর আসতে এখনো ঢের বাকি। কিন্তু এভাবেও দেখতে পারেন, আর মাত্র একটা ম্যাচ। এর পরই স্প্যানিশ লিগে বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। গতকাল রাতেই রায়ো ভ্যালেকানোর সঙ্গে একটা ম্যাচ খেলে ফেলেছে বার্সা। ক্লাব বিশ্বকাপ খেলতে হবে বলে একটি ম্যাচ এগিয়ে রাখার জন্যই সপ্তাহের মাঝপথে ওই ম্যাচটি পড়েছে। এই শনিবার লেভান্তের সঙ্গে ম্যাচ। পরের শনিবারই ‘এল ক্লাসিকো’!হোসে মরিনহো রিয়ালে আসার পর থেকেই এল ক্লাসিকো পেয়েছে ভিন্ন মাত্রা। প্রায় প্রতি ম্যাচেই হাতাহাতির ঘটনা ঘটেছে। লাল কার্ডের উপস্থিতিও ছিল বেশ কয়েকবার। ম্যাচ শেষেও দুই পক্ষের কথা চালাচালি চলেছে পুরোদমে। স্প্যানিশ সুপার কাপ দিয়ে মৌসুমের শুরু হয়েছিল, দুই লেগের সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের লিগ জয়ী বার্সা আর কাপ জয়ী রিয়াল। শেষ পর্যন্ত জিতেছিল বার্সাই।এই মৌসুমে লিগে এবার প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। গতকালের ম্যাচটির আগ পর্যন্ত ৬ পয়েন্টের ‘বিশাল’ দূরত্ব নিয়ে রিয়ালের পেছনে ছিল বার্সা। ব্যবধানটি তিন থেকে ছয়ে পৌঁছেছে গত সপ্তাহে পুঁচকে গেটাফে অঘটন ঘটিয়ে ফেলায়। ওই ম্যাচ দেখার পরই রিয়াল শিবিরে কথাবার্তার ঝাঁজ যেন বেড়ে গেছে। লিগে সর্বশেষ দুই দলের মুখোমুখি ৬ লড়াইয়ের ৫টিই বার্সা জিতেছে, অন্যটি ড্র। তার পরও করিম বেনজেমা যেমন বলছেন, এবার বার্সাকে দেখিয়ে দেবে রিয়াল।ম্যাচটিও সান্তিয়াহো বার্নাব্যুতে। ফলে নিজেদের মাঠে খেলার বাড়তি সুবিধা পাবে রিয়াল। যদিও বার্নাব্যুতেই ২০০৯ সালে ৬-২ গোলে রিয়ালকে রীতিমতো লজ্জায় ডুবিয়েছিল বার্সেলোনা। কিন্তু সে সবই এখন রিয়ালের কাছে অতীত। টানা ১৩ ম্যাচ জিতে রিয়াল রীতিমতো উড়ছে। ফলে হুংকার-টুংকার তাদের গুহা থেকেই শোনা যাচ্ছে বেশি।সেই তুলনায় বার্সা একদম নীরব। অথচ ওই একটাই মাত্র ম্যাচ। ওই পরাজয়ের পেছনে চাইলে ক্লান্তির অজুহাত দাঁড় করাতে পারে বার্সা। দুই দিন আগেই মিলানে খেলে এসেছে, আবার মাদ্রিদে গিয়ে গেটাফের সঙ্গে খেলা—টানা ভ্রমণের ধকল তো ছিলই। আবার সবাই যেন ভুলেও যাচ্ছে, আগের ম্যাচেই মিলানের মতো ক্লাবকে তাদেরই মাঠে হারিয়ে এসেছে বার্সা। এক ম্যাচই সব ভুলিয়ে দিল! স্মৃতি আসলেই বড্ড প্রতারক।খোদ পেপ গার্দিওলাও কিন্তু দলকে আড়াল করছেন না। বরং বলছেন, রিয়ালকে চ্যালেঞ্জ জানাতে চাইলে নিজেদের আরও উন্নতি করতে হবে, ‘রিয়াল আমাদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে। এর কারণ একটাই—ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা ভালো করেই জানি, রিয়াল কতটা ভালো দল। এ-ও জানি, আমাদের খেলার মান বাড়াতেই হবে।’গতবার লিগ শিরোপা নির্ধারিত হয়েছে ৪ পয়েন্টের ব্যবধানে। তার আগের বার চ্যাম্পিয়ন বার্সার সঙ্গে রিয়ালের ব্যবধান ছিল মাত্র ৩ পয়েন্টের। ২০০৬-০৭ মৌসুমে তো দুই দলের পয়েন্ট ছিল সমান—৭৬। সেবার শিরোপা নির্ধারিত হয়েছে মুখোমুখি লড়াইয়ের হিসাব দিয়ে। ফলে ৬ পয়েন্টের ব্যবধান অনেক বড় ব্যবধান। গার্দিওলা অবশ্য বলছেন, ‘খেলাটির সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত আছি। ফলে এটা আপনাদের বলতে পারি, এই প্রথম পিছিয়ে থাকার অভিজ্ঞতা আমার হচ্ছে না।’ মানে একটাই, পিছিয়ে থেকেও এগিয়ে যাওয়া সম্ভব।