প্রতিদিনই বিক্ষোভের ঘোষণা সমর্থকদের

মাঠে আজ হয়তো বাংলাদেশ ভালো করেনি। কিন্তু একটা দিন খারাপ যাওয়া মানেই এমন নয়, টেস্টে বাংলাদেশের ধারাবাহিক উন্নতি মিথ্যা হয়ে যাওয়া। শ্রীলঙ্কা সফর কিংবা দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গত টেস্ট সিরিজেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। আর তাই মাঠে মুশফিকদের ব্যর্থতার দিনেও মাঠের বাইরের জোরাল গর্জনকে ফিকে হয়ে যেতে না দেওয়ার পণ করেছেন ক্রিকেট পাগল সমর্থকেরা। শুধু তা-ই নয়, যত দিন না ‘তিন জমিদারে’র প্রস্তাব বাতিলের ঘোষণা আসবে, তত দিন বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন একদল সমর্থক। গত কয়েক দিনের মতো আজও বিকেল চারটা শেষে শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে অবস্থান নিয়েছেন তাঁরা।
‘আমরা পরিবর্তন চাই’ ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবির ঘোষণা দিয়েছেন এই সমর্থকেরা। তাঁরা বলছেন, বিসিবিকে অবশ্যই সব দ্বিধা ঝেড়ে ফেলে নিতে হবে শক্ত অবস্থান। বিসিবির সব সদস্যকে দায়িত্বশীল অবস্থান নিতে হবে। ক্রিকেট নিয়ে কোনো রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি নেতা বেগম খালেদা জিয়াকে এ ব্যাপারে সোচ্চার ভূমিকা নিতে হবে। আইসিসিকে সত্যিকার অর্থে ক্রিকেটের অভিভাবক হয়ে উঠতে হবে।
ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালিয়ে সমর্থকদের সংগঠিত ও জনমত গঠনের কাজ করছেন তাঁরা। তাঁদের ইভেন্টের ফেসবুক গ্রুপ: facebook.com/groups/604047976316577। এ ছাড়া একটি পেজও খেলা হয়েছে: facebook.com/amraPoribortonChai