বিদেশি বনাম দেশি—একটা দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে। দ্বন্দ্ব মানে ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড় কোটা বাড়িয়ে দেশের ফুটবলের ক্ষতি করা হচ্ছে কি না, সেই বিতর্ক। সেটি এবার বোধহয় জেঁকে বসেছে। সাতজন বিদেশি কোটা। খেলতে পারছেন চারজন করে। তারই ফাঁকে স্থানীয় খেলোয়াড়েরা ঢাকা পড়ছেন আড়ালে। লিগের ষষ্ঠ রাউন্ড শেষে সারমর্ম করলে এটাই চলে আসছে সবকিছুর আগে।এখন পর্যন্ত চলমান পেশাদার লিগের ভালো দিক—প্রতিদ্বন্দ্বিতা শুধু কাগজ-কলমে নয়। মাঠেও এর প্রতিফলন ষোলআনা। কোনো দল মাঠে এসে পুরো পয়েন্ট নিয়ে ফেরার ব্যাপারে নিশ্চিত হতে পারছে না। এটা মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলামের চোখে ফুটবলের জন্য ইতিবাচক, ‘সবাই চেষ্টা করছে ভালো করতে। লিগ শুরুর আগে আমরা যেমনটা বলছিলাম, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হবে। বাস্তবেও তাই। কোনো বড় দলই নির্ভার থাকতে পারছে না।’খেলোয়াড়দের মধ্যে ব্যবধানটাও কমে এসেছে। প্রতিন্দ্বন্দ্বিতার ক্ষেত্রটাকে করেছে আরও উন্মুক্ত। তবে সমস্যার নাম ধারাবাহিকতার অভাব। এটা আগে ছিল। এবার যেন একটু বেশিই।শেখ রাসেল কোচ মারুফুল হকের দৃষ্টিতে চলমান লিগের সবচেয়ে বড় দুর্বলতা এটাই, ‘খেলোয়াড়েরা একেক দিন একেক রকম পারফর্ম করছে। জানি না এর জন্য ট্রেনিং দায়ী কি না। তবে ধারাবাহিক পারফর্ম না করতে পারলে খেলার আকর্ষণ থাকবে না। এই বিষয়টা জরুরি।’শুধু স্থানীয়রা নয়, এবার বিদেশিদের পারফরম্যান্সও ওঠানামা করছে। কোনো ম্যাচ দারুণ খেলা খেলোয়াড়টিকে পরের ম্যাচে আর খুঁজে পাওয়া যায় না। বিদেশিদের ক্ষেত্রে এটা আগে কমই দেখা গেছে। এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৭২ গোল হয়েছে। বিদেশিদের গোল ৪৯টি। স্থানীয়দের ২২। একটি আত্মঘাতী।স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ ৪ গোল এমিলির। আরামবাগের কিংসলে আর মুক্তিযোদ্ধার সানডে, ফরাশগঞ্জের জুনাপিউ ও শেখ রাসেলের বুকোলার গোল ৪টি করে।মোহামেডান অধিনায়ক হাসান আল মামুন বলছেন, ‘স্ট্রাইকিং পজিশনে বিদেশিরাই বেশি খেলছে। তাই তাদের গোলও বেশি। কিছু করার নেই। তবে স্থানীয়রা জ্বলে উঠতে পারছে না, এটাও সত্য।’এখন পর্যন্ত প্রতিষ্ঠিত খেলোয়াড়েরা সেভাবে নজর কাড়তে পারেননি। কোচ শফিকুল ইসলাম প্রতিষ্ঠিত কোনো খেলোয়াড়ের নাম করতে পারলেন না, ‘জাতীয় দল বা প্রথম সারির খেলোয়াড়দের পারফরম্যান্স সেভাবে কাড়তে পারেনি। কিছু তরুণ খেলোয়াড় আছে, ওরা আগামী দু-তিন বছর পর হয়তো প্রচারে আসতে পারবে। ব্রাদার্স, মোহামেডানসহ আরও কয়েকটা দলের কয়েকজন উঠতি তরুণ ভালোই করছে। তবে আলাদা করে বলার মতো কেউ নয়।’লিগে দর্শক নেই। বাফুফে খেলা আয়োজন করেই দায় সারছে। বিজেএমসির ম্যানেজার জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান (জয়) এতে বিস্মিত, ‘সবচেয়ে আশ্চর্য লাগছে, লিগ নিয়ে কারও হেলদোল নেই। নামকাওয়াস্তে একটা লিগ হচ্ছে!’