অন্য রকম এক সেঞ্চুরি দেখল অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়াম। ভারত-ওয়েস্ট ইন্ডিজের কালের ম্যাচটি ছিল দুই দেশের মধ্যে শততম ওয়ানডে। ১৯৭৯ বিশ্বকাপে এজবাস্টনে প্রথম খেলেছিল দল দুটি। সেই ম্যাচে ক্যারিবীয়রা জিতেছিলে ৯ উইকেটে। এ রকম সেঞ্চুরির দেখা অবশ্য আগেও পেয়েছে দুই দলই। ভারত অস্ট্রেলিয়া (১০৫), পাকিস্তান (১২০) ও শ্রীলঙ্কার (১২৯) বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া (১২৫) ও পাকিস্তানের (১২০) বিপক্ষে। এ ছাড়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (১১৩), অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (১২৪) এবং পাকিস্তান-শ্রীলঙ্কা (১২১) নিজেদের মধ্যে এক শর বেশি ম্যাচ খেলেছে। ভারত-শ্রীলঙ্কার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হলেও এদিক দিয়ে প্রথম সেঞ্চুরিটা করেছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ সালের ১৮ মে কিংস্টনে হয় এই দুই দেশের শততম ম্যাচ। কম সময়ে ১০০ ম্যাচ খেলার রেকর্ড ভারত-পাকিস্তানের, ২৭ বছর লেগেছিল তাদের।