প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছর ধরে রঙ্গনা হেরাথ কেন টি-টোয়েন্টিতে উপেক্ষিত ছিলেন, সেই উত্তর মেলেনি। তবে কাল কেন খেলেছেন, সেটা জানা গেছে। কারণ, প্রতিপক্ষের নাম নিউজিল্যান্ড!

বাহাঁতি স্পিনের বিপক্ষে বরাবরই বেশ দুর্বল কিউই ব্যাটসম্যানরা। দুই দলের সর্বশেষ ওয়ানডেতেও ৩ উইকেট নিয়েছিলেন হেরাথ। দুই টেস্টে নিয়েছিলেন ২০ উইকেট। এসব বিবেচনাতেই কাল অজন্তা মেন্ডিসকে বাইরে রেখে একাদশে হেরাথ। শ্রীলঙ্কা ম্যাচ জিতে গেল যেন ওই সিদ্ধান্তেই!

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই দুর্দান্ত জয়, সেটিও এমন গুরুত্বপূর্ণ ম্যাচে। লাসিথ মালিঙ্গা উচ্ছ্বসিত, মুখে হেরাথ-স্তুতি, ‘হেরাথ অবিশ্বাস্য বোলিং করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে দারুণ বোলিং করেছিল বলেই ওকে আজ খেলানো হয়েছে। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছে দারুণভাবে।’

কালকের আগে প্রথমে ব্যাট করে ১৩০ রানের নিচে মাত্র তিনবার আটকে গেছে শ্রীলঙ্কা। হার তিনবারই। কিন্তু নিজেদের ইনিংস শেষেও জয়ের বিশ্বাসটা ছিল মালিঙ্গার, ‘উইকেটে অনেক টার্ন ছিল। আর শিশিরও তেমন ছিল না। স্পিনারদের ওপর আমার বিশ্বাস ছিল। বিরতিতে সবাই বলাবলি করছিলাম, আমাদের সম্ভাবনা মোটেও শেষ নয়। সেটাই হয়েছে।’

ব্যাটিং সহায়ক ও খানিকটা পেস অনুকূল উইকেট কাল হঠাৎই ভীষণ মন্থর, পরিচিত রূপে। উইকেট চমকে দিয়েছে ব্রেন্ডন ম্যাককালামকেও, ‘আমরা ভেবেছিলাম, আগের মতোই পরে স্কিড করবে বল, ব্যাটে আসবে ভালো। আজ অন্য দিনের মতো শিশিরও ছিল না। অনেক টার্ন করেছে।’

তবে কিউই ব্যাটসম্যানরা যেমন মনে করিয়েছেন, অতটা ভয়ংকর ছিল না উইকেট। দুই স্পিনার হেরাথ ও সেনানায়েকের মিলিত বোলিং বিশ্লেষণ ৬.৩-২-৬-৭! নিজেদের ব্যর্থতা মেনে নিলেন ম্যাককালামও, ‘উইকেট যেমনই হোক, অ্যান্ডারসন না থাকুক, ৬০ রানে কেন গুটিয়ে গেলাম, সেই কারণটা খুঁজছি আমিও। অনেক বাজে শট খেলেছি আমরা। এ জন্যই কাল (আজ) দেশের বিমানে থাকতে হবে!’