প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নন ডু প্লেসিস
‘বি’ গ্রুপের জমজমাট লড়াই শেষে শীর্ষস্থান দখল করেই কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৫ মার্চ ঢাকায় তারা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে। এই নিউজিল্যান্ডই বিশ্বকাপের আগে বাংলাদেশ ও ভারতের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে ফিরে গিয়েছিল লজ্জাজনকভাবে। শেষ ১২ ম্যাচের ১১টিতেই তাদের মাঠ ছাড়তে হয়েছে পরাজয় বরণ করে। সেই দিক থেকে শেষ আটের এই লড়াইয়ে নিশ্চিতভাবেই এগিয়ে রাখা যায় দক্ষিণ আফ্রিকাকে। তবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশনের অন্যতম প্রধান ভরসা ডু প্লেসিস সেভাবে ভাবতে চাচ্ছেন না। বরাবরের মতো এবারও প্রতিপক্ষের শক্তি-সামর্থ্যের দিকে না তাকিয়ে নিজেদের পুরোপুরি প্রস্তুত করার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই প্রোটিয়া অলরাউন্ডার।গতকাল ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্লেসিস বলেছেন, ‘আমরা বরাবরই বলেছি যে কাদের বিরুদ্ধে আমাদের খেলতে হবে, সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি না। যদি নিজেদের প্রস্তুতিটা ভালো হয় তাহলে আমরা মাঠে আমাদের সেরা খেলাটা খেলতে পারব। আর আমি খুবই আত্মবিশ্বাসী যে আমরা কোয়ার্টার ফাইনাল জিততে পারব।’গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সবাইকেই মুগ্ধ করেছে প্রোটিয়ারা। শুধু ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের হারটা ছাড়া বাকি সবগুলো ম্যাচেই তাদের ইতিবাচক মনোভঙ্গিটা সবারই নজরে এসেছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৬ রানের হারটাও একেবারে বৃথা যায়নি, সেখান থেকেও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন প্লেসিস। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমাদের জেতাটা উচিত ছিল। কিন্তু ওই রকম শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমাদের কীভাবে মোকাবিলা করা উচিত, সে সম্পর্কে আমরা অনেক কিছু শিখেছি। আর ভারতের বিপক্ষে ৩ উইকেটের জয়টা আমাদের অনেক আত্মবিশ্বাসী করেছে।’ ক্রিকইনফো।