প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না কলিংউড
পল কলিংউডের মেজাজটা বিগড়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। একের পর এক দাপুটে জয় নিয়ে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড, সবার আগে উঠে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। অথচ তাঁকে শুনতে হচ্ছে ‘সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেলে কী হবে, শিরোপা জয়ের মতো যোগ্য ইংল্যান্ড কি না’ এসব প্রশ্ন। পরশু নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারানোর পর ইংল্যান্ড অধিনায়ক তাই দিয়েছেন হুঙ্কার, ‘সেমিতে উঠতে পেরে আমি খুশি, প্রতিপক্ষ কে এটা নিয়ে ভাবার সময় নেই। ফাইনালে উঠলেও প্রতিপক্ষ নিয়ে ভাবব না।’অস্ট্রেলিয়ার মতো এই টুর্নামেন্টে ইংল্যান্ডও নজর কেড়েছে আক্রমণাত্মক ক্রিকেট খেলে। গ্রুপ পর্বে ডাকওয়ার্থ-লুইসে ওয়েস্ট ইন্ডিজের কাছে একটি ম্যাচ হারলেও সুপার এইটের তিন ম্যাচই জিতেছে। পরশুর জয়টা কলিংউডকে আরও তৃপ্তি দিয়েছে দলের সেরা ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে ছাড়া জেতায়, ‘শিরোপা পেতে হলে কারও একজনের ওপর নির্ভর করা যাবে না, প্রয়োজন দলের সম্মিলিত প্রচেষ্টা। দুই ওপেনার লাম্ব ও কিসওয়েটার শুরুতেই খেলাটা আমাদের নিয়ন্ত্রণে এনে দিচ্ছে, এরপর মরগান আছে, সোয়ান-ব্রডকে পর্যন্ত ব্যাটিং করতে হচ্ছে নয়-দশে, এতেই বোঝা যাচ্ছে আমাদের দলের গভীরতা।’পরশু নিউজিল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড এই ব্যাটিং গভীরতার সুবাদেই। ১৫০ রান তাড়া করতে নেমে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ইংলিশরা। এউইন মরগান (৩৪ বলে ৪০) ও লুক রাইটের (১৭ বলে ২৪) ৫২ রানের পঞ্চম উইকেট জুটি ম্যাচে ফেরায় তাদের, আর লক্ষ্যে পৌঁছে দেয় সাতে নামা টিম ব্রেসনানের ১৭ বলে ২৩ রানের ইনিংসটি। প্রতিপক্ষ দলগুলোর জন্য সতর্ক সংকেত, এখনো উন্নতির জায়গা দেখছেন কলিংউড, ‘আজ (পরশু) হারলেও আমরা শেষ চারে যেতাম, কিন্তু জয়ের ধারা ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা আরও একবার দুর্দান্ত খেলেছি, কিন্তু উন্নতির জায়গা এখনো আছে।’কলিংউডের জন্য সুখবর, আগামীকাল সেমিফাইনালের আগেই ফিরে পাচ্ছেন পিটারসেনকে। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য শনিবার ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছিলেন কেপি। সোমবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী জেসিকা টেলর। বাবা হওয়ার পর পিটারসেনের অনুভূতি, ‘আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা।’ ওয়েবসাইট।