প্রতিপক্ষ পাকিস্তান, চিন্তায় অ্যাশেজ
ইংলিশরা এ কদিন নিঃশর্ত সমর্থন দিয়ে গেল পাকিস্তানকে। ‘প্যাকিস্টান, প্যাকিস্টান’ বলে গ্যালারিতে গলা ফাটিয়েছে সাদা সাহেবেরা। পাকিস্তানের প্রতিপক্ষের নাম যে ছিল অস্ট্রেলিয়া এবং আরেকটি অ্যাশেজ যে সামনে।ছবিটা পাল্টে যাবে আজ থেকে। আজ আর কোনো সাহেব-সুবোকে সমর্থক হিসেবে পাবে না সালমান বাটের পাকিস্তান। আজ যে খোদ ইংল্যান্ডই মুখোমুখি তাদের। আজ নটিংহামের ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে শুরু হচ্ছে চার ম্যাচের সিরিজ। চার বছর পর কোনো টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুদল।ভিন্ন প্রতিপক্ষ, ভিন্ন সিরিজ; তার পরও ইংলিশদের মাথা থেকে ‘অ্যাশেজের ভূত’ যাচ্ছেই না। আগামী অ্যাশেজের আগে যে এটাই ইংল্যান্ডের শেষ টেস্ট সিরিজ। পল কলিংউড তাই বলছেন, এই সিরিজে তারা সেই গতিটা তুলে নিতে চান, যে গতি তাদের পার করে দেবে অস্ট্রেলিয়া সফরের সব বাধা। এতটা কাছে চলে এসেছে যে অ্যাশেজ নিয়ে না ভেবে আর থাকাই যাচ্ছে না বলে মন্তব্য কলিংউডের, ‘অবশ্যই এটা আমাদের ভাবনায় আছে। মাত্র দুই মাস বাকি। দিনে দিনে সফরটা আরও কাছাকাছি চলে আসছে। তবে পুরো মনোযোগ অ্যাশেজে দেওয়াটা বোকামি হয়ে যাবে। আমরা পাকিস্তানকে হারিয়েই ওই সিরিজের জন্য সর্বোচ্চ আত্মবিশ্বাস কুড়িয়ে নিতে চাই। শুধু তো টেস্ট নয়, এর পর ওয়ানডে আর টি-টোয়েন্টি আছে। আমরা যতগুলো ম্যাচে জয় চাই। সেটা করতে পারলেই কেবল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে আমরা হারাতে পারব।’কলিংউড শেষ যে লক্ষ্যের কথা বললেন, টেস্টে সেটি গত প্রায় সিকি শতকে করতে পারেনি ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের সর্বশেষ টেস্ট জয়টি ১৯৮৪ সালের। টেস্ট সিরিজ জয় তো আরও প্রাগৈতিহাসিক, ১৮৮৭-৮৮ সফরে।অ্যাশেজ নিয়ে পরে ভাবা যাবে। আপাতত ইংল্যান্ডকে মাথা ঘামাতে হচ্ছে পাকিস্তানকে নিয়েই। টেস্ট ক্রিকেটে এই দুদলের সাম্প্রতিক লড়াইয়ের কোনো নজির নেই বলে হাত পাততে হচ্ছে চার বছর আগে। সর্বশেষ দুদল মুখোমুখি হয়েছিল ওভালে। ওভাল! ঠিকই ধরেছেন, এই সেই টেস্ট, যেখানে এক দল খেলতে অস্বীকৃতি জানানোয় প্রথমবারের মতো অন্য দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। আম্পায়ার ড্যারেল হেয়ার যোগ করেছিলেন আরেকটি বিতর্কিত অধ্যায়।বার কয়েক পরিবর্তনের পর এখন ওভাল টেস্টের ফলাফলে পাকিস্তানের পরাজয়ই লেখা আছে। ইংল্যান্ডের বিপক্ষে তারা আসলে হেরেছে সর্বশেষ তিনটি টেস্টই। তার পরও পাকিস্তানকে নিয়ে ইংল্যান্ডের দুশ্চিন্তার কারণ দুটো। এক, গত টেস্টেই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে বলে মানসিকভাবে এগিয়ে থাকছে। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘হোম’ সিরিজটা ইংল্যান্ডে খেলেছে বলে এই কন্ডিশনের সঙ্গে বেশ ভালোমতোই মানিয়ে গেছে পাকিস্তান।দুশ্চিন্তার তালিকায় পাকিস্তানি বোলারদেরও যোগ করা উচিত। বিশেষ করে মোহাম্মদ আমির আর মোহাম্মদ আসিফ জুটিকে সালমান বাট তো বর্তমানে ‘বিশ্বসেরা’ বলে ঘোষণাই দিয়ে দিয়েছেন। কিন্তু সেটা মেনে নিলে আবার কিসের প্রতিদ্বন্দ্বিতা! কলিংউড তাই বলছেন, পাকিস্তানি বোলারদের নিয়ে আসলে যা হচ্ছে, এ স্রেফ বাড়াবাড়ি! এএফপি, ওয়েবসাইট।