প্রতিপক্ষ বাংলাদেশ, চিন্তায় অ্যাশেজ
আগের দিন কেভিন পিটারসেন বলেছিলেন, ‘শেফকে আর একটা জয় উপহার দিতে চাই।’ আর কাল স্বয়ং শেফ বললেন, ‘স্ট্রাউসিকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আগে শেষটা ভালো করতে চাই।’ বাংলাদেশের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের লক্ষ্যটা এমনিতেও জয়ই হওয়ার কথা। অ্যালিস্টার কুকের নাম সতীর্থদের কাছে ‘শেফ’ হয়ে যাওয়াটা যেমন অবধারিত ছিল, বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের জয়টাও তো তাই। কিন্তু তার পরও এই টেস্টে জয়টা বড় বেশি করে চাইছে ইংল্যান্ড। কারণ?কুকের রোমাঞ্চকর ‘অধিনায়কত্ব অভিযানের’ আপাতত শেষ ধাপটাও স্মরণীয় হয়ে থাক, সবার এই চাওয়াটা একটা কারণ। তবে একমাত্র নয়। দলীয় দৃষ্টিকোণ থেকেও টেস্টটা ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষ সিরিজেই দক্ষিণ আফ্রিকার মাটিতে এগিয়ে থেকেও শেষ টেস্ট হেরে সিরিজ ড্র করে ফিরতে হয়েছে। প্রতিপক্ষ বাংলাদেশ হলেও সেই স্মৃতি ঠিকই মনে পড়ছে কুকের, ‘দক্ষিণ আফ্রিকায় সিরিজটা আমরা ভালোভাবে শেষ করতে পারিনি, এখানে ভালোভাবে শেষ করা তাই জরুরি। দেশে ফেরার জন্য সবার মনই অস্থির হয়ে আছে, তবে তার আগে পাঁচটা দিন আমাদের খুব মনোযোগী হতে হবে।’আরেকটি কারণকে অদ্ভুত মনে হতে পারে, অ্যাশেজের কথা মাথায় রেখেও মিরপুরে নামছে ইংল্যান্ড! কারণটা শুনুন কুকের কণ্ঠেই, ‘অ্যাশেজের আগে দেশের বাইরে এটাই শেষ টেস্ট। ইংল্যান্ডের হয়ে খেলা আর ২-০ ব্যবধানে জয় কতটা গর্বের হতে পারে, সেটা নিয়ে আমাদের এ সপ্তাহেই আলোচনা হয়েছে।’ অস্ট্রেলিয়া আর বাংলাদেশের আবহাওয়া-পরিবেশ-উইকেটে যত পার্থক্য, দল হিসেবে ব্যবধান তার চেয়েও বেশি। কুকদের ভাবনাটা তারপরও যথেষ্ট যৌক্তিক, বিদেশের মাটিতে হোয়াইটওয়াশ করাটা যেকোনো দলকে বাড়তি একটু আত্মবিশ্বাস জোগাবেই। আর শীর্ষ পর্যায়ের ক্রিকেটে এই বাড়তি আত্মবিশ্বাসটাই তো গড়ে দিতে পারে ব্যবধান।‘মহাগুরুত্বপূর্ণ’ এই টেস্টের আগে স্টুয়ার্ট ব্রডকে নিয়ে সামান্য দুশ্চিন্তায় ছিল ইংল্যান্ড। পিঠের ইনজুরি জয় করে খেলেছিলেন চট্টগ্রাম টেস্টে, ঢাকা টেস্টের আগে পেটের পীড়ার কারণে বৃহস্পতিবার অনুশীলনেই আসেননি। তবে কাল অনুশীলনের পর ফিট ঘোষণা করা হয়েছে তাঁকে। দলের সেরা পেসারের ব্যাপারে চিন্তামুক্ত হলেও ইংল্যান্ড চিন্তায় পড়েছে সেরা একাদশ নির্বাচন নিয়ে। প্রচণ্ড গরমে আবারও চার বোলার নিয়েই নামা ঠিক হবে কি না, ভাবনাটা এ নিয়েই। তবে ভালো মানের একজন অলরাউন্ডারের অভাবে কুকের সমর্থন চার বোলারেই, ‘ইতিহাস বলছে, চার বোলারেই কাজ হয়। এমন একজন বোলারকে যদি পাওয়া যেত যে ব্যাটিংও ভালো করে কিংবা জ্যাক ক্যালিসের মতো কেউ—কিন্তু এঁদের সংখ্যাটা খুব কম।’চার বোলার খেলানোয় আর একটা সুযোগ পেয়ে যাচ্ছেন ওপেনার মাইকেল কারবেরি, তবে একাদশে পরিবর্তন আসতে পারে তারপরও। চট্টগ্রাম টেস্টে শেষ মুহূর্তে যাঁকে টপকে অভিষেক হয়েছিল স্টিভেন ফিনের, সেই জেমস ট্রেডওয়েলের কাছেই জায়গাটা হারাতে হতে পারে ফিনকে। তবে আগের টেস্টের মতোই একাদশ নিয়ে লুকোচুরি কিংবা রহস্য ছড়ানোর কোনো কমতি রাখেনি ইংল্যান্ড। কুক এবারও বোঝানোর চেষ্টা করলেন একাদশ ঠিক করবেন উইকেট দেখার পর, ‘চট্টগ্রাম টেস্টেও শুরুর দিন উইকেট দেখার পর আমরা একাদশ ঠিক করেছিলাম, এখানেও তাই হবে। কাল (পরশু) উইকেট দেখেছি, আজও (গতকাল) দেখলাম, তার পরও কাল (আজ) উইকেট দেখে সিদ্ধান্ত নেব। ২৪ ঘণ্টায় উইকেট অনেকটাই পরিবর্তন হতে পারে।’একাদশ নিয়ে লুকোচুরি করলেও প্রতিপক্ষ বাংলাদেশকে প্রাপ্য বাহবাটা দিতে কুণ্ঠাবোধ করেননি ইংল্যান্ড অধিনায়ক। ‘ওদেরকে হারাতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে’—কুকের এই কথা সত্য প্রমাণের দায় এখন বাংলাদেশের!