প্রতিপক্ষ হল্যান্ড: অকুতোভয় স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল্যান্ড ম্যাচ নিয়ে ভয় নেই স্পেনের ছবি: রয়টার্স
হল্যান্ড ম্যাচ নিয়ে ভয় নেই স্পেনের ছবি: রয়টার্স

গত বিশ্বকাপের ফাইনালের আবহ ফিরে আসছে এবারের গ্রুপ পর্বেই! সেটাও খুব তাড়াতাড়িই। বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক পরের দিন। আগামী শুক্রবার মুখোমুখি হচ্ছে ২০১০ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট স্পেন ও হল্যান্ড। এটি এবারের বিশ্বকাপে উভয় দলের প্রথম ম্যাচ বলে উত্তেজনার মাত্রাটা বেড়ে যাচ্ছে বহুগুণে।
এই ম্যাচের দিকে যে গোটা ফুটবল দুনিয়া তাকিয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। এ মুহূর্তে এই দুই দল হয়তো ভাবছে ওই ম্যাচটিকে নিয়েই। এল সালভাদরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শেষেই অবধারিতভাবে চলে এল প্রসঙ্গটা। সাংবাদিকদের সেই প্রশ্নে জবাবটাও হয়তো আগে থেকেই ঠিক করে রেখেছিলেন বস্ক, ‘আমাদের কোনো ভয় নেই। কিন্তু আমরা হল্যান্ডকে শ্রদ্ধা করি। গত বিশ্বকাপের রানার্সআপ দল ওরা। তাই হল্যান্ডের প্রতি পূর্ণ শ্রদ্ধা আমাদের রয়েছে।’
‘বি’ গ্রুপে হল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর স্পেন খেলবে চিলি ও অস্ট্রেলিয়ার সঙ্গে। দেল বস্ক জানালেন, শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী বিশ্বচ্যাম্পিয়নরা, ‘অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচের পর যথেষ্ট আত্মবিশ্বাসী আমরা। প্রত্যাশা মতোই আমরা খেলছি। আত্মবিশ্বাস নিয়ে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি।’
ফ্রান্সের ফ্রাঙ্ক রিবেরি, কলম্বিয়ার রাদামেল ফ্যালকাওয়ের মতো বেশ কয়েকজন তারকা বিশ্বকাপ শুরুর আগেই ঝরে পড়েছেন। তবে এটা বিশ্বকাপের সৌন্দর্য ম্লান করবে না বলেই বিশ্বাস স্পেন কোচের, ‘বিশ্বকাপে বেশ কয়েকজন তারকা খেলতে পারছে না। তবে আমি মনে করি না যে এ কারণে বিশ্বকাপের আকর্ষণ কমে যাবে।’
গতকাল এল সালভাদরের রক্ষণাত্মক লড়াইয়ে কিছুটা বিপাকেই চিল স্পেন। প্রথম গোলের দেখা পেতে ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্পেনকে। তবে বিশ্বকাপে প্রতিপক্ষ দলগুলো এমন রক্ষণাত্মক খেলা খেলবে না, এমনটাই চান দেল বস্ক, ‘বিশ্বকাপে এমন কিছু প্রত্যাশা করি না আমরা। কিন্তু যদি কেউ এমন রক্ষণাত্মক খেলা খেলে সেক্ষেত্রে আমাদের জায়গা বের করে নিতে হবে। নিজেদের আক্রমণাত্মক খেলাটা চালিয়ে যেতে হবে।’
বিশ্ব-সেরার মর্যাদা নিয়ে ব্রাজিলে যাচ্ছে স্পেন। তবে এটাকে শুধুই ‘মর্যাদা’ হিসেবে দেখতে যান ডেভিড ভিয়া। মাঠের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমাটা কোনো কাজে আসবে না বলে বিশ্বাস স্পেনের অন্যতম সেরা এই গোলদাতার। এল সালভাদরের বিপক্ষে জোড়া গোল করা ভিয়ার ভাষ্য, ‘এটা গুরুত্বপূর্ণ (চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলা)। তবে এটা আপনাকে কোনো সুযোগ এনে দেবে না। গত আসরের চ্যাম্পিয়ন হিসেবে আমরা গর্বিত। এবারও চেষ্টা করব শিরোপা জিততে।’ সূত্র: এএফপি।