প্রতিবাদ করে দেশছাড়া অলিম্পিকের দৌড়বিদ

ইথিওপিয়া সরকার আশ্বস্ত করেছিল, দেশে ফিরলে কোনো শাস্তির সম্মুখীন হতে হবে না। কিন্তু তারপরও দেশে ফেরেননি অলিম্পিক ম্যারাথনে রুপাজয়ী অ্যাথলেট ফেইসা লিলেসা। রুপা জেতার পরপরই দুই হাত এক জায়গায় করে শিকলের প্রতীক বানিয়ে ইথিওপীয় সরকারের রাজনৈতিক উৎপীড়নের প্রতিবাদ জানিয়েছিলেন, যেটি এবার বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
গত সোমবার রাতে ইথিওপিয়ান অলিম্পিক দলকে বহনকারী বিমানটি রাজধানী আদ্দিস আবাবা বিমানবন্দরে অবতরণ করলেও তাতে ছিলেন না লিলেসা। খুব সম্ভবত তিনি তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নিতে চলেছেন।
এবারের রিও অলিম্পিকে ইথিওপিয়া আটটি পদক জিতেছে। ইথিওপিয়া অলিম্পিক দল দেশে ফেরার পর সরকারের তরফ থেকে তাদের যে সংবর্ধনা দেওয়া হয়, তাতে সব পদকজয়ীদের নাম ধরে অভিনন্দন জানানো হলেও সেখানে লিলেসার নাম উচ্চারিত হয়নি।
এদিকে এই দৌড়বিদের এজেন্ট ফেডরিকো রোসা জানিয়েছেন, ম্যারাথনে রুপা জয়ের পর সরকারের রাজনৈতিক উৎপীড়নের প্রতিবাদ জানানোয় লিলেসার দেশে ফেরার মতো অবস্থা নেই। রিওতেই পদক নেওয়ার সময় লিলেসা সাংবাদিকদের বলেছিলেন, তিনি দেশে ফিরতে চান না। কারণ, তাঁর শাস্তির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র: এএফপি।